গম্ভীরের ‘তারকাবিরোধী’ দর্শনে সহমত নন, কোহলি-রোহিতদের গুরুত্বের কথা মনে করালেন দ্রাবিড়

তারকাপ্রথা নিয়ে গম্ভীরের দর্শনের বিপরীতে গিয়ে রাহুল দ্রাবিড় বললেন, ধারাবাহিক পারফরম্যান্সই ক্রিকেটারকে তারকা বানায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারতীয় ক্রিকেটে ‘তারকা সংস্কৃতি’ নিয়ে বিতর্ক নতুন নয়। তবে এবার সেই বিতর্কে কার্যত ভিন্ন মত পোষণ করলেন রাহুল দ্রাবিড় এবং গৌতম গম্ভীর। ভারতীয় দলের বর্তমান কোচ গম্ভীর যেখানে দলে তারকাপ্রথার বিরোধিতা করছেন, সেখানে প্রাক্তন কোচ দ্রাবিড় স্পষ্ট জানিয়ে দিলেন— বড় মাপের ক্রিকেটার বা তারকার প্রয়োজন সব সময়ই থাকে।

ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই গম্ভীর বারবার বোঝানোর চেষ্টা করেছেন যে দলের উপরে কেউ নয়। তাঁর কোচিং দর্শনে ব্যক্তির চেয়ে দলই বড়। সেই কারণেই বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিনের মতো সিনিয়র ক্রিকেটারদের ক্ষেত্রেও কোনও আলাদা গুরুত্ব দিতে নারাজ ছিলেন তিনি। ক্রিকেট মহলের মতে, সেই কারণেই কয়েকজন সিনিয়র ক্রিকেটারের সঙ্গে গম্ভীরের দূরত্বও তৈরি হয়েছিল।

তবে দ্রাবিড়ের ভাবনা সম্পূর্ণ আলাদা। এক সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেটের ‘দ্য ওয়াল’ স্পষ্ট ভাষায় বলেন, খেলাধুলার জগতে তারকা সব সময় ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। তাঁর কথায়,
“যে কোনও খেলাতেই তারকা থাকে। পারফর্ম না করে কেউ নায়ক হতে পারে না। ভারতে তো নয়ই। এখানে সমর্থকেরা যেমন মাথায় তুলে রাখেন, তেমনই ব্যর্থ হলে কড়া সমালোচনাও করেন।”

দ্রাবিড় মনে করিয়ে দেন, এই দেশে কেউ রাতারাতি কিংবদন্তি হয়ে যান না। ধারাবাহিক পারফরম্যান্স, দেশের জন্য ম্যাচ জেতানো এবং দীর্ঘদিন চাপ সামলে খেলার পরেই ক্রিকেটাররা তারকার মর্যাদা পান।

এই প্রসঙ্গে তিনি উদাহরণ হিসেবে তুলে ধরেছেন সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র সহবাগ, ভিভিএস লক্ষ্মণদের নাম। দ্রাবিড়ের মতে, সমর্থকেরাই তাঁদের তারকার আসনে বসিয়েছেন। আর সেই প্রজন্মই ভারতীয় ক্রিকেটকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছিল।

শুধু তাই নয়, দ্রাবিড় মনে করেন বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিনেরদের মতো ক্রিকেটারের শূন্যস্থান পূরণ করাও সহজ নয়। তিনি বলেন,
“টেস্টে আমাদের সাম্প্রতিক ফল ভাল হয়নি। বড় কয়েকজন ক্রিকেটার আর নেই। ওদের জায়গা নেওয়া সহজ নয়। তবে ভারতীয় ক্রিকেট যথেষ্ট শক্তিশালী। সময় লাগলেও দল ঘুরে দাঁড়াবে বলেই আমার বিশ্বাস।”

বর্তমান ভারতীয় ক্রিকেটে লাল বলের পারফরম্যান্স নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন দ্রাবিড়। তাঁর মতে, অতিরিক্ত সাদা বলের ক্রিকেটের চাপ টেস্ট ক্রিকেটে প্রভাব ফেলছে। বছরজুড়ে টি-টোয়েন্টি ও একদিনের ক্রিকেট খেলার পর হঠাৎ লাল বলে মানিয়ে নেওয়া অনেক ক্রিকেটারের পক্ষেই কঠিন হয়ে পড়ছে।

দ্রাবিড়ের এই মন্তব্যের পর ভারতীয় ক্রিকেটে ‘দল বনাম তারকা’ বিতর্ক নতুন করে আলোচনায় উঠে এল বলেই মনে করছে ক্রিকেট মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত