নজরবন্দি ব্যুরো: ওড়িশার কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর বাড়ি এবং তাঁর বান্টি সাহুর বাড়ি থেকে ৩৫০ কোটি টাকা উদ্ধার করেছে আয়কর দফতর। টাকার অঙ্কটা এখনও বাড়তে পারে বলেই জানা যাচ্ছে। এই বিপুল পরিমাণ দুর্নীতির প্রতিবাদে আজ সংসদেরবাইরে গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করলেন বিজেপি সাংসদরা। বিক্ষোভে যোগ দেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। ছিলেন সৌমিত্র খাঁ, দেবশ্রী চৌধুরী প্রমুখ।
আরও পড়ুন: বহিষ্কারের পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহুয়া, ফিরে পাবেন হারানো সাংসদ পদ?


ধীরজ সাহুর বাড়ি থেকে রেকর্ড পরিমাণ অর্থ উদ্ধারের পর থেকেই রাজনৈতিক মহলে বেশ তোলপাড় শুরু হয়েছে। বিজেপি নেতারা বারবারই হাত শিবিরকে ‘দুর্নীতিগ্রস্ত’ বলে দাবি করেছেন। এই ঘটনায় মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লোকসভা নির্বাচনের আগে সর্বভারতীয় রাজনীতিতে এই ঘটনার প্রভাব বেশ গুরুতর পড়বে বলেই ধারণা ওয়াকিবহাল মহলের।

যাবতীয় বিতর্কের মধ্যেই সোমবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নেতৃত্বে সংসদের বাইরে গান্ধীমূর্তির পাদদেশে বিক্ষোভ দেখাতে শুরু করেন গেরুয়া সাংসদরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে স্লোগান তুলে কটাক্ষ করা হয় কংগ্রেসকে। সুকান্ত মজুমদারও যোগ দেন সেই বিক্ষোভ কর্মসূচিতে।



কংগ্রেস নেতার বাড়ি থেকে উদ্ধার রেকর্ড পরিমাণ অর্থ, সংসদের বাইরে প্রতিবাদ সুকান্ত সহ BJP সাংসদদের
এই বিক্ষোভ প্রদর্শন প্রসঙ্গে সুকান্ত মজুমদার সামাজিক মাধ্যমে লিখেছেন, “INDIA জোট এর নামে যে প্রহসন চলছে, সেটা আসলে আলিবাবার ৪০ চোরের জোট… কারণ এদের মধ্যে এখন প্রতিযোগিতা চলছে, কে সব থেকে বড় চোর, সেটা প্রমাণ করবার…ভারতীয় জনতা পার্টির সরকার এই দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে আর একে একে সবক’টি চোর জেলের ঘানি টানবে…”







