সন্দেশখালির সমস্ত মামলার তদন্তভার সিবিআই-কে তুলে দিয়েছে কলকাতা হাই কোর্ট। আর এবার গ্রামবাসীদের যাতে অভিযোগ জানাতে কোনও অসুবিধা না হয় সেক্ষেত্রে তাঁদের সাহায্য করবে বিজেপি, এমনটাই আশ্বাস দিলেন রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাটের বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদার।
আরও পড়ুন: আর্থিক তছরুপের অভিযোগ, তিহাড় জেল থেকে কবিতাকে গ্রেফতার করল CBI


বুধবার সন্দেশখালি মামলায় কলকাতা হাই কোর্টের পর্যবেক্ষণ, সমস্ত মামলার তদন্ত করবে সিবিআই। একই সঙ্গে একটি পোর্টাল চালু করা হবে, যেখানে সরাসরি অভিযোগ জানাতে পারবেন গ্রামবাসীরা। স্পর্শকাতর এলাকায় ১৫ দিনের মধ্যে সিসিটিভি এবং এলইডি আলো বসাতে হবে।

সন্দেশখালি উত্তর ২৪ পরগণার প্রত্যন্ত একটি গ্রাম। অনলাইন পোর্টালে কীভাবে সকলের পক্ষে আবেদন জানানো সম্ভব? এই প্রসঙ্গেই সুকান্ত মজুমদার বলেন, “আমরা মহিলাদের ই-মেইল খুলে দিয়ে অভিযোগ জানাবার ব্যবস্থা করব। এছাড়া আর কোনও উপায় নেই। সরাসরি অভিযোগ নিতে গেলে পুলিশ ধমকাবে, চমকাবে। সিবিআও যদি ক্যাম্প করে বসে তাহলে মহিলারা সেখানে অভিযোগ জানাতে পারবেন।”



CBI-কে অভিযোগ জানাতে সন্দেশখালির গ্রামবাসীকে সাহায্য করবে বিজেপি, আশ্বাস সুকান্তের
প্রসঙ্গত, ২৬ তারিখ লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে বালুরঘাটে ভোটগ্রহণ। বুধবারই সুকান্ত মজুমদারের সমর্থনে সভা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১৬ তারিখ আবার আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় প্রতিদিনই রীতিমতো প্রচারে বেরোচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি। বৃহস্পতিবার বালুরঘাট অঞ্চলে প্রচারে বেরিয়েই সন্দেশখালি প্রসঙ্গে এই মন্তব্য করেন সুকান্ত মজুমদার।








