প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) জন্মদিনেই যোগ্য প্রাপকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) অগস্ট মাসের টাকা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানিয়েছেন, আগামী ১৭ সেপ্টেম্বর ১ কোটি ৪৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে মাসে ৩,০০০ টাকা করে পাঠানো হবে। একই সঙ্গে নভেম্বর-ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবির করে অন্নপূর্ণা যোজনা-সহ বিভিন্ন সামাজিক প্রকল্পে নতুন করে আবেদনের সুযোগ দেওয়া হবে।
সোমবার নবান্নে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং বিশেষ ভাবে সক্ষমদের ভাতা নিয়ে একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এত দিন এই তিন প্রকল্পে মাসে ১,০০০ টাকা করে দেওয়া হত। নতুন সিদ্ধান্তে সেই অঙ্ক বেড়ে হয়েছে ১,৫০০ টাকা। সরকারের দাবি, সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা যাতে প্রকৃত যোগ্য ব্যক্তিদের কাছেই পৌঁছয়, সেদিকেই বিশেষ নজর দেওয়া হচ্ছে।
মুখ্যমন্ত্রী জানান, বর্তমানে বার্ধক্য, বিধবা এবং বিশেষ ভাবে সক্ষমদের জন্য তিনটি ভাতা মিলিয়ে ৮৩ লক্ষ ৫ হাজার ৯১৯ জন উপভোক্তা সুবিধা পাচ্ছেন। তাঁদের জন্য বছরে সরকারের খরচ হবে প্রায় ১৪ হাজার ৭৭১ কোটি টাকা।
তবে একই সঙ্গে ভাতা ব্যবস্থায় অনিয়মের অভিযোগও তুলেছেন শুভেন্দু। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এলাকার একটি ঘটনার কথা উল্লেখ করে তিনি দাবি করেন, এক পুরুষ বিধবা ভাতা নেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন। বয়স বাড়িয়ে দেখানো এবং ভুয়ো শংসাপত্র ব্যবহার করে অনেকে সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা নিচ্ছেন বলেও অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।
এই কারণেই বিভিন্ন প্রকল্পের আবেদনপত্র যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। তাঁর বার্তা, যাঁরা প্রকৃত অর্থে যোগ্য নন, তাঁরা যেন স্বেচ্ছায় সামাজিক প্রকল্পের সুবিধা ছেড়ে দেন। সরকারের তরফে ভুয়ো উপভোক্তাদের চিহ্নিত করে প্রকৃত প্রাপকদের সুবিধা নিশ্চিত করার উপর জোর দেওয়া হচ্ছে।
এ দিনের অন্যতম বড় ঘোষণা হল, আগের সরকারের আমলে তৈরি সামাজিক প্রকল্পগুলির সমস্ত ওয়েটিং লিস্ট বাতিল করা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পুরনো অপেক্ষমাণ তালিকা থেকে আর সুবিধা দেওয়া হবে না। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জনকল্যাণ শিবিরে যে আবেদনগুলি জমা পড়েছে, সেগুলি যাচাই করে বিবেচনা করা হবে।
এদিকে ২৫ থেকে ৬০ বছর বয়সি বিধবা মহিলাদের জন্য বিশেষ বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর পরামর্শ, তাঁরা চাইলে বিধবা ভাতা ছেড়ে অন্নপূর্ণা যোজনায় আবেদন করতে পারেন। যোগ্য হলে মাসে ১,৫০০ টাকার পরিবর্তে ৩,০০০ টাকা পাওয়ার সুযোগ থাকবে।
নভেম্বর ও ডিসেম্বর মাসে গ্রাম পঞ্চায়েত এবং পুরসভা স্তরে ফের জনকল্যাণ শিবির আয়োজন করা হবে। সেখানে অন্নপূর্ণা যোজনা ছাড়াও রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পে নতুন করে আবেদন করার সুযোগ মিলবে। ফলে বর্তমানে তালিকার বাইরে থাকা যোগ্য প্রার্থীদের জন্য ফের আবেদনের দরজা খুলতে চলেছে।
বিশেষ ভাবে সক্ষম মহিলাদের জন্যও অতিরিক্ত সুবিধার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ২৫ থেকে ৬০ বছর বয়সি যোগ্য বিশেষ ভাবে সক্ষম মহিলারা প্রতিবন্ধী ভাতার পাশাপাশি অন্নপূর্ণা যোজনার সুবিধাও পাবেন। প্রায় ১ লক্ষ ৩৪ হাজার বিশেষ ভাবে সক্ষম মহিলা মিলিয়ে মোট ৪,৫০০ টাকা করে পাবেন বলে জানিয়েছেন তিনি।
রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়েও এ দিন বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর রাজ্যের রাজস্ব আদায় গত অর্থবর্ষের তুলনায় ১৮ শতাংশ বেড়েছে। সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্প চালাতে রাজস্ব বৃদ্ধিকে গুরুত্বপূর্ণ বলে তুলে ধরেছেন তিনি।
পাশাপাশি নরেন্দ্র মোদীর প্রশাসনিক জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ কর্মসূচির ঘোষণাও করা হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১৭ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর পর্যন্ত রাজ্যজুড়ে বিভিন্ন অনুষ্ঠান করবে পশ্চিমবঙ্গ সরকার। ফলে সেপ্টেম্বরের মাঝামাঝি থেকেই একদিকে অন্নপূর্ণা যোজনার টাকা, অন্যদিকে একাধিক সরকারি কর্মসূচি ঘিরে রাজ্যে তৈরি হতে চলেছে বিশেষ আবহ।



