চলতি সপ্তাহের শুরুতেই দিল্লিতে জরুরী বৈঠকে বসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু এখনও বাংলায় বাকি আসনের প্রার্থী তালিকা সামনে আসেনি। নাম চূড়ান্ত করা নিয়ে এখনও জটিলতা কাটেনি। এরইমধ্যে আগামী শনিবার ফের দুজনকে দিল্লিতে তলব করা হল। সূত্রে খবর, প্রার্থী তালিকায় (BJP Candidate List) বড় কোনও চমক আসতে পারে।



আরও পড়ুন: পাঠানের বিরুদ্ধে অধীরেই আস্থা, বাংলায় ৮ আসনে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
লোকসভা নির্বাচনে বালুরঘাট (Balurghat) থেকে বিজেপির রাজ্য সভাপতি তথা এই কেন্দ্রের বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদারকে প্রার্থী করেছে কেন্দ্রীয় নেতৃত্ব। তিনি এই মুহূর্তে প্রচারে ব্যস্ত। বালুরঘাট থেকেই সোজা দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। অন্যদিকে, বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) কলকাতা বিমানবন্দর থেকে যাবেন। আগামী শনিবার রাজধানীতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক রয়েছে তাঁদের। তারপরই আগামী রবিবার বাকি ২৩ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে খবর। জানা যাচ্ছে, রবিবারই বিজেপি বাংলায় বাকি আসনগুলিতে প্রার্থী তালিকা সামনে আনতে পারে পদ্ম শিবির। সেই তালিকায় একাধিক বড় কোনও নাম থাকতে পারে। এদিকে তালিকা চূড়ান্ত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় নির্বাচনী কমিটি এখনও বৈঠকে বসতে পারেনি। প্রধানমন্ত্রী নিজেও ব্যস্ততার কারণে সময় দিতে পারছেন না। তবে এবার সেই জট কাটাতেই শুভেন্দু-সুকান্তকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে।

গত ১০ মার্চ ব্রিগেডে জনগর্জন সভা থেকে ৪২ আসনের প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। জোরকদমে চলছে প্রচার। এদিকে এখনও বেশিরভাগ আসনেই দাবিদার নেই বিজেপির। যার ফলে বিভিন্ন লোকসভা কেন্দ্রে গেরুয়া শিবিরের নেতা-কর্মীদের হাত গুটিয়ে রাখতে হচ্ছে। প্রথম দফায় ২০ টি আসনে প্রার্থীদের নাম জানানো হলেও আসানসোলের বিজেপি প্রার্থী পবন সিং (Pawan Singh) ভোট থেকে সরে দাঁড়ান। পরবর্তীকালে তিনি ভোটে দাঁড়ানোর কথা জানালেও তাঁর নির্বাচনী কেন্দ্র আসানসোল হবে কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে।


সুকান্ত-শুভেন্দুকে দিল্লিতে জরুরী তলব, প্রার্থী তালিকায় থাকতে পারে বড় চমক

গত শনিবার ভোটের দিন প্রকাশ্যে এসেছে। আগামী মাস থেকেই সাত দফার ভোটগ্রহণ শুরু হবে। ইতিমধ্যেই প্রথম দফার মনোনয়ন পর্ব শুরু হয়ে গিয়েছে। কিন্তু এখনও পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা সামনে আসেনি। জানা যাচ্ছে, বেশ কিছু আসনে একাধিক জনের নাম উঠে আসছে। তাঁদের মধ্যে একজনকে বেছে নেওয়া মুশকিল হয়ে উঠেছে। বুধবারই প্রার্থী তালিকা প্রকাশ করার কথা ছিল কিন্তু ক্রমশই তা পিছিয়ে যাচ্ছে। মেদিনীপুর, দমদম, ডায়মন্ড হারবারের মত লোকসভা কেন্দ্রে কাকে টিকিট দেওয়া হবে তা নিয়ে জল্পনা বিস্তর।







