নজরবন্দি ব্যুরোঃ প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এবার মুখোমুখি লড়াই সুজিত বসু এবং সব্যসাচী দত্তের শিবিরের মধ্যে। অভিযোগ, রাতের অন্ধকারে বেধড়ক মারধর চালায় সুজিত বসুর অনুগামীদের ওপর হামলা চালানো হয়েছে। ঘটনায় গুরুতর আহত হন ৩ জন। এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। দুষ্কৃতীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
আরও পড়ুনঃ Anik Dutta: ‘অপরাজিত’ নিয়ে কুণালের মন্তব্যের পর কি বললেন পরিচালক অনীক দত্ত?
অভিযোগ, শনিবার রাতে ঘটনাটি ঘটেছে সল্টলেকের ত্রিনাথ পল্লি এলাকায়। স্থানীয় সূত্রে খবর, প্রাক্তন পুরপিতা প্রবীর সর্দার এবং এলাকার বিধায়ক সুজিত বসুর অনুগামীদের উপর চড়াও হয় একদল দুষ্কৃতী। ঘরে ঢুকে বেধড়ক মারধর করা হয় বলেও জানা গেছে। অভিযুক্তদের তালিকায় রয়েছে, কুখ্যাত দুষ্কৃতী পচা, সুজয় দাস, ঝন্টু, বিকাশ, সহ বেশ কয়েকজন।

আক্রান্তদের দাবি, তারা প্রত্যেকেই চামেলী নস্করের অনুগামী। বিধাননগর পুরনিগমের নির্বাচনের আগে এরা বিজেপিতে ছিল। নির্বাচনের পর এরা তৃণমূলে আসে। গতকালের ঘটয়নার পর আতঙ্কের চাদরে মুড়েছে গোটা এলাকা।
যদিও ঘটনাটি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মানতে নারাজ মন্ত্রী সুজিত বসু। এটা ক্লাবের দুই শিবিরের গোলমাল বলেই জানিয়েছেন তিনি। এর মধ্যে কোনও রাজনীতি নেই। একইসঙ্গে যে চামেলি নস্করের বিরুদ্ধে অভিযোগ, তিনিও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মানতে নারাজ। অভিযুক্তরা সমাজবিরোধী বলে জানিয়েছেন তিনি।
মুখোমুখি লড়াই সুজিত বসু এবং সব্যসাচী দত্তের শিবিরের মধ্যে, নামল পুলিশ

বিধাননগর দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত তিন ব্যক্তি। এলাকায় বিধাননগর কমিশনারেটের তরফে বিরাট পুলিশ বাহিনী মোতায়ন করা হয়েছে ।ঘটনায় মুল অভিযুক্ত সুজয় দাসকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের তল্লাশি শুরু হয়েছে।









