নবান্নের পর এবার শিক্ষা দফতরে বড় রদবদল! ইস্তফা দিলেন SSC চেয়ারম্যান ও পর্ষদ সভাপতি

সরকার বদলের পর শিক্ষা দফতরে বড়সড় রদবদল শুরু। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার ও মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় পদত্যাগ করলেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্যে সরকার বদলের পর প্রশাসনের বিভিন্ন স্তরে শুরু হয়েছে বড়সড় রদবদল। এবার সেই প্রভাব পড়ল শিক্ষা দফতরেও। পরপর পদত্যাগপত্র জমা দিলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। শিক্ষা ক্ষেত্রে স্বচ্ছতা ফেরাতে নতুন সরকার একাধিক কড়া পদক্ষেপ করছে বলে প্রশাসনিক সূত্রে খবর। নিয়োগ দুর্নীতি নিয়ে দীর্ঘ বিতর্কের পর শিক্ষা ব্যবস্থার পুরনো কাঠামো ভেঙে নতুনভাবে সাজানোর ইঙ্গিত মিলছে।

শিক্ষা দফতরে বড়সড় বদলের পথে সরকার

তৃণমূল সরকারের আমলে সবচেয়ে বেশি বিতর্ক এবং দুর্নীতির অভিযোগ উঠেছিল শিক্ষা দফতর ঘিরে। শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছিলেন প্রাক্তন মন্ত্রী থেকে শুরু করে একাধিক আধিকারিক। সেই আবহেই এবার শিক্ষা প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের সরিয়ে নতুন কাঠামো গড়ার পথে হাঁটছে নবগঠিত বিজেপি সরকার।

সূত্রের খবর, শুধু ব্যক্তি বদল নয়, গোটা প্রশাসনিক কাঠামোই পুনর্বিবেচনা করা হচ্ছে। শিক্ষা ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে একাধিক পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।

ইস্তফা দিলেন সিদ্ধার্থ মজুমদার

নিয়োগ দুর্নীতির বিতর্কের মধ্যেই ২০২২ সালে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান পদে আনা হয়েছিল সিদ্ধার্থ মজুমদারকে। তৎকালীন বিচারপতি Abhijit Gangopadhyay-এর পরামর্শে এই পরিবর্তন করা হয়েছিল বলে সেই সময় সূত্রের খবর ছিল।

সিদ্ধার্থর নেতৃত্বেই এসএসসির নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়। চলতি বছরের জানুয়ারিতে তাঁর অবসরের কথা থাকলেও, রাজ্য সরকার অতিরিক্ত ছ’মাসের মেয়াদ বাড়িয়েছিল। সব মিলিয়ে প্রায় চার বছর চার মাস চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন তিনি। এবার শিক্ষা দফতরের সচিবের কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন সিদ্ধার্থ।

রামানুজ গঙ্গোপাধ্যায়েরও পদত্যাগ

অন্যদিকে, শিক্ষা দুর্নীতি মামলায় অভিযুক্ত কল্যাণময় গঙ্গোপাধ্যায় সরে যাওয়ার পর মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির দায়িত্ব পেয়েছিলেন রামানুজ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি তিনিই মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করেছিলেন।

তবে ফল প্রকাশের কিছু দিনের মধ্যেই মুখ্যসচিবের কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। তাঁর পদত্যাগ ঘিরেও জল্পনা তৈরি হয়েছে প্রশাসনিক মহলে।

পদত্যাগ করছেন আরও অনেকে

শুধু শীর্ষপদ নয়, এসএসসির আঞ্চলিক কার্যালয়ের একাধিক চেয়ারপার্সনও পদত্যাগ করেছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি যেসব স্কুল ও কলেজের গভর্নিং বডির মেয়াদ শেষ হয়ে গিয়েছে, সেগুলি রিভিউ করার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা সংসদ-সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নির্ধারিত বয়সসীমা পেরিয়ে দায়িত্বে থাকা ব্যক্তিদেরও সরিয়ে ফেলার প্রক্রিয়া শুরু হয়েছে বলে শিক্ষা দফতর সূত্রে খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত