ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে চাপে পাকিস্তান, পাশে না থাকার হুঁশিয়ারি শ্রীলঙ্কার

ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে পাকিস্তানকে চিঠি শ্রীলঙ্কার। আর্থিক ক্ষতির আশঙ্কা দেখিয়ে সতর্কবার্তা—ভারত ম্যাচ না খেললে পাশে থাকবে না তারা।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বিশ্বকাপের আগে কূটনৈতিক টানাপোড়েন এবার সরাসরি প্রভাব ফেলছে ক্রিকেটে। ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে আন্তর্জাতিক মহলে ক্রমশ একঘরে হতে পারে পাকিস্তান—এমনই ইঙ্গিত মিলছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পদক্ষেপে। আর্থিক ক্ষতির আশঙ্কা ও প্রতিযোগিতার স্বার্থে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের অনুরোধ জানিয়ে পাকিস্তানকে সরকারি ভাবে চিঠি পাঠিয়েছে শ্রীলঙ্কা। সেই সঙ্গে স্পষ্ট বার্তা—ভারতের বিরুদ্ধে না খেললে পাকিস্তানের পাশে থাকবে না তারা।

গত ১ ফেব্রুয়ারি পাকিস্তান সরকার ঘোষণা করে, বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলবে না তাদের দল। বুধবার প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও একই অবস্থান পুনর্ব্যক্ত করেন। এই সিদ্ধান্তের জেরেই উদ্বেগ বাড়ে আয়োজক ও অংশগ্রহণকারী দেশগুলির মধ্যে।

পিটিআই সূত্রে জানা গিয়েছে, শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কর্মসমিতির বৈঠকে পাকিস্তানকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত হয় এবং বৃহস্পতিবার সেই চিঠি পাঠানোও হয়েছে। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচ বাতিল হলে হোটেল বুকিং, বিমান সংরক্ষণ ও অন্যান্য আয়োজনের বিপুল ক্ষতি সামলানো কঠিন হয়ে পড়বে।

শ্রীলঙ্কার দাবি, ভারত-পাকিস্তান ম্যাচে দর্শক উপস্থিতি নিশ্চিত থাকে। সেই ম্যাচ বাতিল হলে আয়োজক দেশগুলির আর্থিক ক্ষতি ছাড়াও টুর্নামেন্টের সামগ্রিক কাঠামোতে প্রভাব পড়বে।

শ্রীলঙ্কা সরকারের তরফেও বোর্ডের অবস্থানকে সমর্থন করা হয়েছে। পাকিস্তানকে সতর্ক করে জানানো হয়েছে, ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত শুধু শ্রীলঙ্কার ক্রিকেট নয়, গোটা বিশ্ব ক্রিকেট ব্যবস্থার ওপর প্রভাব ফেলতে পারে। এমনকি ভবিষ্যতে বড় প্রতিযোগিতা আয়োজনেও জটিলতা তৈরি হতে পারে।

শ্রীলঙ্কা বোর্ড আরও মনে করিয়ে দিয়েছে, জঙ্গি হামলার পর যখন কোনও দেশ পাকিস্তানে খেলতে যেতে চাইছিল না, তখন তারাই প্রথম এগিয়ে গিয়ে সিরিজ খেলেছিল। তাই এবার পাকিস্তানের উচিত সেই সম্পর্কের মর্যাদা দেওয়া।

একই সঙ্গে শ্রীলঙ্কা আশ্বাস দিয়েছে, কলম্বোয় পাকিস্তান দলের নিরাপত্তা ও আতিথেয়তায় কোনও ত্রুটি রাখা হবে না। তবে ভারত ম্যাচ বয়কট করলে পাকিস্তানের পাশে দাঁড়ানো সম্ভব নয়—এ কথাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে তারা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর