নজরবন্দি ব্যুরোঃ প্রত্যেক বছরই কিছু না কিছু নয়া চমক শ্রীভূমিতে। প্রত্যেক বছর শহরের এই পুজো নিয়ে অতিরিক্ত উন্মাদনা তৈরি হয়। এই বছরও তার ব্যতিক্রম নয়। বুর্জ খলিফা দেখতে গত বছর উপচে পড়েছিল ভিড়। এমনকী, ভিড়ের চাপে শেষ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো। শ্রীভূমির পুজোর থিম কী হতে চলেছে? কীভাবে সেজে উঠবে মণ্ডপ? তা নিয়ে এখন থেকেই উন্মাদনার শেষ নেই। কিন্তু, গত বছরে অতিরিক্ত ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেয়ে হয়েছিল উদ্যোক্তাদের।
আরও পড়ুনঃ মা দুর্গা বাপের বাড়ি আসছেন হাতিতে, জানেন কি কৈলাসে যাচ্ছেন কিসে


রথ মানেই দুর্গাপুজোর প্রস্তুতি শুরু। এদিন থেকেই শুরু হয়ে যায় বনেদি বাড়ির কাঠামো পুজো। বিভিন্ন পুজো কমিটিগুলিতে খুঁটিপুজো হয় রথের দিনই। এদিন, নিয়ম-রীতি মেনেই সাড়ম্বরে খুঁটিপুজোর অনুষ্ঠান পালন করা হল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। গত দুবছর করোনার জন্য নম নম করেই সারতে হয়েছিল খুঁটিপুজো। তবে, এবার জাঁকজমকভাবে তা পালন করা হল। খুঁটিপুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব কর্তা ও মন্ত্রী সুজিত বসু (Sujit Bose)।

রথযাত্রা পার হওয়ার পর দিন থেকেই শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজো ঘিরে কাউন্টডাউন। ২০২২ সালের দুর্গাপুজোর পঞ্চমী পড়েছে ৩০ সেপ্টেম্বর শুক্রবার। আর দশমী ৫ অক্টোবর। তবে কলকাতায় বাঙালির দুর্গাপুজো শুরু হয়ে যায় মহালয়ার পর থেকেই। এদিকে, আর মাত্র কয়েক দিন, তারপরই দেখতে দেখতে চলে আসবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব। তাই ক্লাবগুলিতে ব্যস্ততা তুঙ্গে। শুরু হয়ে গিয়েছে থিমের লড়াই। আর সেই প্রতিযোগিতায় ফের একবার চমক দেওয়ার অপেক্ষায় শ্রীভূমি স্পোর্টিং।

এবছর শ্রীভূমির সুবর্ণজয়ন্তী বর্ষ। চলতি বছর ৫০ বছরে পা দিয়েছে এই পুজো। কলকাতার অন্যতম বড় পুজোগুলোর মধ্যে অন্যতম শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। প্রত্যেকবারই, তাদের পুজোয় কোনও না কোনও চমক থাকে। গতবার যেমন বুর্জ খলিফার আদলে মন্ডপ তৈরি করেছিল। সেক্ষেত্রে, এবারের থিম, মণ্ডপও যে অভিনব হবে, তা বলার অপেক্ষা রাখে না।


এই বছর শ্রীভূমির থিম রোমের ভ্যাটিকান সিটি (Vatican City of Rome)। প্রত্যেক বছরের মতো এই বছরও চোখ ধাঁধানো পুজো মণ্ডপ হতে চলেছে, জানাচ্ছেন উদ্যোক্তারা। থিম ঠিক হলেও এখনও পর্যন্ত ‘থিম সং’ কারা গাইবেন সেই বিষয়টি এখনও চূড়ান্ত নয়। শ্রীভূমি মানেই চমক। এই বছরও টিম একই থাকবে। শ্রীভূমির মণ্ডপসজ্জার দায়িত্বে থাকছেন রোমিও হাজরা। এবার সংশ্লিষ্ট ক্লাবের পুজোয় দেওয়াল সাজিয়ে তুলবেন কলকাতা এবং শান্তিনিকেতনের শিল্পীরা, জানালেন ডি কে গোস্বামী।
রোমের ভ্যাটিকান সিটি দেখতে যেতে হবে শ্রীভূমি, মহালয়াতেই খুলছে দরজা

গত বছরের ভিড় ঘিরে শিক্ষা নিয়েছেন উদ্যোক্তারা! তাই এবার আরো কোনও মতেই নিরাপত্তা নিয়ে ফাঁক ফোঁকড় রাখতে তাঁরা রাজি নন। ক্লাব কর্তৃপক্ষ বলছেন, সবার আগে মানুষের সুরক্ষার কথা তাঁরা মাথায় রাখছেন। গত বছর করোনা পরিস্থিতি ছিল। তারমধ্যে প্রচুর ভিড় ছিল। এবার ভিড় সামলানোর উপায় বের করতে দফায় দফায় উদ্যোক্তারা বৈঠকে বসছেন। সূত্রের খবর মহালয়া থেকেই মানুষ শ্রীভূমির পুজো দেখতে পাবেন। তবে তা নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেনি ক্লাব কর্তৃপক্ষ।







