দক্ষিণবঙ্গের আবহাওয়া নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভাবনা খুব কম হলেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। কিছু জেলায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা দিয়েছে হাওয়া অফিস।
জ্যৈষ্ঠের দাবদাহে কার্যত নাজেহাল কলকাতাবাসী। সকাল থেকেই চড়া রোদ ও অস্বস্তিকর গরমে রাস্তায় বেরোনো দায় হয়ে উঠছে। বৃষ্টির অপেক্ষায় শহরবাসী থাকলেও আপাতত কলকাতার জন্য স্বস্তির খবর শোনাতে পারছে না আবহাওয়া দফতর।


হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার থেকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।
কলকাতা, হাওড়া এবং হুগলিতে আপাতত তেমন কোনও বড় সতর্কতা নেই। তবে বিচ্ছিন্নভাবে দু’-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে। যদিও তাতে গরমের অস্বস্তি খুব একটা কমবে না বলেই ইঙ্গিত আবহবিদদের।
দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। উত্তর ২৪ পরগনায় এখনই বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী বুধবার ও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।


অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে।
উত্তরের প্রায় সব জেলাতেই ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। জলপাইগুড়িতে আগামী বৃহস্পতিবার পর্যন্ত টানা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর ও মালদহেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত পূর্ব-পশ্চিম অক্ষরেখা এবং দক্ষিণ বাংলাদেশের উপর অবস্থানকারী ঘূর্ণাবর্তের জেরেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলভাগে ঢোকায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কিছু অংশে ঝড়বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
এদিকে শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে প্রায় ৩ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল ৩৬ ডিগ্রিতে। ফলে আপাতত বৃষ্টির আশায় থাকলেও কলকাতাবাসীকে গরম ও অস্বস্তি নিয়েই আরও কয়েকদিন কাটাতে হতে পারে।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



