‘দুঃসময়ে’ মদনকে বড় দায়িত্ব মমতার, দমদম জেলার দায়িত্বে এবার কামারহাটির বিধায়ক

প্রথমবার দমদম সাংগঠনিক জেলা গঠন করে তার সভাপতির দায়িত্ব দেওয়া হল মদন মিত্রকে। লোকসভা কৌশল নিয়েই শুরু হয়েছে নতুন জল্পনা।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্যের রাজনৈতিক সমীকরণ বদলের পর সংগঠন গোছাতে বড় পদক্ষেপ তৃণমূলের। দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী মদন মিত্রর হাতে নতুন দায়িত্ব তুলে দিলেন তৃণমূল সুপ্রিমো। প্রথমবার তৈরি হওয়া তৃণমূলের দমদম সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব পেলেন মদন, যা ঘিরে আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে নতুন রাজনৈতিক আলোচনা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক জীবনের দীর্ঘদিনের সহযাত্রী মদন মিত্র। কংগ্রেসে একসঙ্গে রাজনীতি করার পর মমতা তৃণমূল গঠন করলে তিনিও সেই শিবিরে যোগ দেন। রাজনৈতিক উত্থান-পতনের বহু পর্বে দলের পাশে থাকা এই নেতার উপরই এবার নতুন আস্থা দেখাল তৃণমূল নেতৃত্ব।

প্রবীণ এই নেতা কামারহাটি কেন্দ্র থেকে একাধিকবার নির্বাচিত হয়েছেন। ২০১১ সালে পরিবর্তনের হাওয়ায় জয়, ২০১৬-তে পরাজয় এবং ২০২১-এ প্রত্যাবর্তনের পর সাম্প্রতিক বিধানসভা নির্বাচনেও নিজের আসন ধরে রাখতে সক্ষম হন তিনি। দলের কঠিন সময়ে যখন অনেক নেতা প্রকাশ্যে ক্ষোভ দেখিয়েছেন, তখন মদনকে মাঠে সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে।

এতদিন তৃণমূলের ব্যারাকপুর-দমদম সাংগঠনিক জেলার আওতায় ছিল কামারহাটি। আলাদা করে দমদম সাংগঠনিক জেলা ছিল না। এবার নতুন সাংগঠনিক কাঠামো তৈরি করে তার দায়িত্ব মদনের হাতে তুলে দেওয়া হয়েছে।

রাজনৈতিক মহলের একাংশের মতে, এই সিদ্ধান্ত শুধুমাত্র সাংগঠনিক পুনর্বিন্যাস নয়— এর পিছনে দীর্ঘমেয়াদি নির্বাচনী প্রস্তুতির ইঙ্গিতও থাকতে পারে। কারণ দমদম ও ব্যারাকপুর— দুই গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্রকে আলাদা সাংগঠনিক কাঠামোয় আনার সিদ্ধান্ত ভবিষ্যৎ পরিকল্পনার অংশ কি না, তা নিয়ে জল্পনা বাড়ছে।

বর্তমানে বাংলায় বিজেপির সাংগঠনিক কাঠামো লোকসভা কেন্দ্রভিত্তিকভাবে বিস্তৃত। সেই মডেল অনুসরণ করে তৃণমূলও কি আগামী দিনে আরও সাংগঠনিক জেলা তৈরি করবে? পাশাপাশি প্রশ্ন উঠছে, বিধানসভার ধাক্কার পর কি এখন থেকেই লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করল দল? আর সেই লড়াইয়ে দমদমে পুরনো ভরসার নাম কি মদন মিত্র— রাজনৈতিক চর্চায় এখন সেই প্রশ্নই সামনে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর