কলকাতা পুরসভার রাজনীতিতে বড় ধাক্কা। তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হলেন তৃণমূল কাউন্সিলার সুদীপ পোল্লে। ১২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার এবং কলকাতা পুরসভার ১৬ নম্বর বরোর চেয়ারম্যান হিসেবে দায়িত্বে থাকা সুদীপের গ্রেপ্তারিকে ঘিরে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। কলকাতা পুরসভার ইতিহাসে এই প্রথম কোনও কাউন্সিলারকে এই ধরনের অভিযোগে গ্রেপ্তার করা হল বলে প্রশাসনিক মহলে আলোচনা শুরু হয়েছে।
বেহালা এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা হিসেবে পরিচিত সুদীপ পোল্লের বিরুদ্ধে অভিযোগ, শীলপাড়া এবং সংলগ্ন কয়েকটি এলাকার ব্যবসায়ীদের কাছ থেকে ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আদায় করা হয়েছে। ব্যবসায়ীদের অভিযোগের ভিত্তিতে কলকাতা পুলিশের কাছে অভিযোগ জমা পড়ে।


সূত্রের খবর, অভিযোগ দায়ের হয় ঠাকুরপুকুর থানাতে। তদন্তের পরই পদক্ষেপ করে পুলিশ এবং গ্রেপ্তার করা হয় সুদীপ পোল্লেকে। যদিও অভিযোগের বিষয়ে তাঁর বা দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি।
উল্লেখযোগ্যভাবে, এর আগেও নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় তদন্তকারী সংস্থার নজরে এসেছিলেন সুদীপ। সেই সময় তাঁর বিরুদ্ধে তদন্তের অংশ হিসেবে তল্লাশিও চালানো হয়েছিল।
গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে তোলাবাজি ও সিন্ডিকেট চালানোর অভিযোগে একাধিক তৃণমূল নেতা ও জনপ্রতিনিধির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিধাননগর পুরনিগমের-এর চার কাউন্সিলার এবং South দক্ষিণ দমদম পুরসভার এক কাউন্সিলার গ্রেপ্তার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।


এই পরিস্থিতিতে কলকাতা পুরসভার এক কাউন্সিলারের গ্রেপ্তারি নতুন করে রাজনৈতিক চাপ এবং প্রশাসনিক বার্তা— দু’দিক থেকেই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



