ইদ-উদ-জোহা (বকরি ইদ) উপলক্ষে সরকারি ছুটির তারিখে বড় পরিবর্তন আনল নবান্ন। নতুন বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, আগে ঘোষিত ২৬ ও ২৭ মে-র বদলে এবার ২৮ মে, বৃহস্পতিবার সরকারি ছুটি থাকবে। ফলে রাজ্যের সরকারি কর্মী ও শিক্ষা প্রতিষ্ঠানগুলির ছুটির সূচিতে নতুন সংশোধন কার্যকর হচ্ছে।
শুক্রবার রাজ্যের অর্থদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত বছরের ২৭ নভেম্বর প্রকাশিত সরকারি ছুটির তালিকায় ২৬ মে ইদ-উদ-জোহার আগের দিন এবং ২৭ মে ইদের দিন হিসেবে ছুটি নির্ধারণ করা হয়েছিল।


তবে পরবর্তীতে পাওয়া ধর্মীয় ক্যালেন্ডার ও সময়সূচির ভিত্তিতে জানা গিয়েছে, ২০২৬ সালে ইদ-উদ-জোহা পালিত হবে ২৮ মে। সেই অনুযায়ী পুরনো সিদ্ধান্ত সংশোধন করে নতুন করে ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এর ফলে ২৬ মে ও ২৭ মে রাজ্যের সরকারি দপ্তর, সরকারি প্রতিষ্ঠান এবং সরকার-পোষিত সংস্থাগুলি স্বাভাবিক নিয়মে খোলা থাকবে। ছুটি কার্যকর হবে শুধুমাত্র ২৮ মে।
সরকারি ছুটির সংশোধিত তালিকা অনুযায়ী, ইদের পর আগামী উল্লেখযোগ্য ছুটিগুলির মধ্যে রয়েছে ২৬ জুন মহরম, ১৬ জুলাই রথযাত্রা, ১৫ অগস্ট স্বাধীনতা দিবস, ২৬ অগস্ট ফতেহ-দোয়াজ-দহম এবং ২৮ অগস্ট রাখিবন্ধন।


এরপর সেপ্টেম্বর মাস থেকেই উৎসবের আবহ শুরু হবে। জন্মাষ্টমী, বিশ্বকর্মা পুজো এবং তার পর অক্টোবরজুড়ে মহালয়া থেকে দুর্গাপুজোর টানা ছুটি— রাজ্যের ছুটির ক্যালেন্ডারে উৎসবের মরসুম অপেক্ষা করছে।



