আর মাত্র কয়েক ঘণ্টা! বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির দাপটে কাঁপবে দক্ষিণবঙ্গ, ভিজবে কলকাতাও? বড় আবহাওয়া সতর্কতা জারি

দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সতর্কতা জারি। মেদিনীপুর, ঝাড়গ্রামসহ কলকাতাতেও দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দফতর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আবহাওয়ার হঠাৎ বদলে যাওয়ায় সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দফতর। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বসন্তের শুরুতেই আকাশে সক্রিয় হয়েছে জলীয় বাষ্পভরা মেঘমালা, যার জেরে মঙ্গলবার বিকেলের আগেই একাধিক জেলায় নামতে পারে প্রবল বৃষ্টি ও দমকা হাওয়া। কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে আবহাওয়ার দ্রুত পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (IMD)।

আবহাওয়া দফতরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামী দু’ থেকে তিন ঘণ্টার মধ্যেই পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঝাড়গ্রাম জেলাতেও সতর্কতা জারি করা হয়েছে। এই সব এলাকায় বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে।

কেন আচমকা এই আবহাওয়ার বদল?

আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগর থেকে বিপুল পরিমাণ জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করছে। উপকূল সংলগ্ন জেলাগুলিতে আর্দ্রতার পরিমাণ প্রায় ১০০ শতাংশে পৌঁছেছে। এই পরিস্থিতিতেই তৈরি হয়েছে বজ্রগর্ভ মেঘ, যার ফলে বসন্তকালেও ঝড়বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে।

দক্ষিণবঙ্গে কোথায় বেশি বৃষ্টি?

মঙ্গলবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে—
কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
এর মধ্যে উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

বজ্রপাতের ঝুঁকি থাকায় খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হয়েছে নাগরিকদের।

কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

সোমবার রাত থেকেই শহরে বৃষ্টির প্রভাব দেখা গেছে। মঙ্গলবার সকালেও মেঘলা আকাশের সঙ্গে এক দফা বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, দিনভর আকাশ কখনও মেঘলা, কখনও আংশিক মেঘলা থাকবে এবং আরও এক বা দুই দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির কারণে শহরের তাপমাত্রাও কিছুটা কমেছে। মঙ্গলবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য কম। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার তাপমাত্রা ১৯ থেকে ২৯ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৫০ থেকে ১০০ শতাংশ।

উত্তরবঙ্গে কী পূর্বাভাস?

উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সিকিম সংলগ্ন উঁচু এলাকায় হালকা তুষারপাত বা গ্রাউন্ড ফ্রস্টের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে ফের ধীরে ধীরে শুষ্ক আবহাওয়া ফিরে আসতে পারে দক্ষিণবঙ্গে এবং তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত