নজরবন্দি ব্যুরোঃ মোদি ব্রিগেডে প্রসেনজিৎ মিঠুন! সাথে দাদা, অর্থাৎ সৌরভ! ‘তাঁর রাজনীতিতে আসা ঠিক হবে না।’ পরামর্শ দিয়েছিলেন দাদা অশোক ভট্টাচার্য। দাদার পরামর্শ কার্যত শিরোধার্য করেছিলেন ‘দাদা’! কিন্তু আজ ফের জল্পনা শুরু হয়েছে সৌরভের বিজেপি যোগদান নিয়ে। বিজেপি সূত্রে খবর শুধু সৌরভ নয়, ৭ তারিখে নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশের মঞ্চ আলোকিত করবেন বাংলার আরও দুই তারকা। তারা হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং মিঠুন চক্রবর্তী।
আরও পড়ুনঃ সোনার বাংলা গড়তে পদ্ম বনে ঝাঁপ জিতেন্দ্রর


মোদি ব্রিগেডে প্রসেনজিৎ মিঠুন! সূত্রের দাবি ব্রিগেড সমাবেশে মিঠুন, প্রসেনজিৎ এবং সৌরভ গঙ্গোপাধ্যায় যোগ দেবেন বিজেপিতে। আর শুধু তাই নয় বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ঘোষণা করা হতে পারে সৌরভ কে। কিন্তু প্রশ্ন উঠছে, তাহলে কি ‘দাদা’ অশোক ভট্টাচার্যের পরামর্শ গ্রহণ করছেন না শেষপর্যন্ত। কি বলেছিলেন অশোক ভট্টাচার্য? গত ৩০শে ডিসেম্বর বুধবার বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন অশোক।
কয়েকমাস আগেই আগেই অশোক ভট্টাচার্যের লেখা বই প্রকাশ অনুষ্ঠানে গিয়েছিলেন সৌরভ। তারপরই ফের গত ৩০শে ডিসেম্বর দু’জনের দেখা হয় মহারাজের বেহালার বাড়িতে। বাম সরকারের আমল থেকেই অশোকের সঙ্গে সৌরভের সুসম্পর্ক। সেই সম্পর্ক আজও অটুট। সৌরভের সাথে দেখা হওয়ার পর শিলিগুড়ির পুরো প্রশাসক অশোক ভট্টাচার্য জানান, “সৌরভ কে বলেছি রাজনীতিতে যুক্ত না হতে।”
এদিকে গত কয়েক মাস ধরেই সৌরভের গেরুয়া শিবিরে যোগদানের জল্পনা চলছে। মাঝে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন মহারাজ। হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এসেছিলেন প্রাক্তন ভারত অধিনায়কের সঙ্গে দেখা করতে। অন্যদিকে ফোনে সৌরভের খোঁজ নিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহরাও।


বিজেপিতে যোগদান প্রসঙ্গে যখনই কোনও প্রশ্ন এসেছে তা সযত্নে এড়িয়ে গিয়েছেন সৌরভ। কিন্তু কোন বিতর্কিত মন্তব্য করেন নি এই গুঞ্জনের পরিপ্রেক্ষিতে। এ নিয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্যর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “সৌরভ গঙ্গোপাধ্যায় তো শুনেছিলাম বিশ্রামে ছিলেন। উনি এই রোদে যদি নেট প্র্যাক্টিসে আসেন, মানে খেলার আগে ওয়ার্ম আপে, মানুষ তো মনে হচ্ছে এমনই চাইছেন। ওনার যদি মনে হয় এই আবহাওয়ায় ভাল, নামবেন।” এ নিয়ে সৌরভের কাছে জানতে চাওয়া হলে তাঁর স্পষ্ট জবাব, ‘নট ট্রু’। অর্থাৎ দাদা অশোকের পরামর্শই শিরোধার্য করছেন ‘দাদা’। বাকিটা ৭ তারিখ বোঝা যাবে।







