শেখ হাসিনার রাজনৈতিক অধ্যায় শেষ! আর ফিরবেন না বাংলাদেশে, জানালেন পুত্র জয়

শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা তুঙ্গে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে পুত্র সজীব ওয়াজেদ জয়ের মন্তব্যে মিলল অবসরের স্পষ্ট ইঙ্গিত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলাদেশের রাজনীতিতে কি তবে এক ঐতিহাসিক অধ্যায়ের অবসান ঘনিয়ে এল? প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি আর সক্রিয় রাজনীতিতে ফিরবেন না? এই প্রশ্নই নতুন করে সামনে এনে দিলেন তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জয়ের মন্তব্যে স্পষ্ট ইঙ্গিত—হাসিনা অবসরের দিকেই এগোচ্ছেন। তাঁর বক্তব্যে কার্যত বুঝিয়ে দেওয়া হয়েছে, আওয়ামি লিগ ভবিষ্যতে রাজনীতিতে ফিরলেও হাসিনার প্রত্যাবর্তনের সম্ভাবনা ক্ষীণ।

আমেরিকায় বসে দেওয়া ওই সাক্ষাৎকারে জয় বলেন, “আমার মায়ের বয়স হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে এটাই তাঁর শেষ টার্ম ছিল। তিনি অবসর নিতে চেয়েছিলেন।” সঞ্চালকের প্রশ্ন—এটাকে কি ‘হাসিনা যুগের সমাপ্তি’ বলা যায়? উত্তরে রাখঢাক না রেখেই জয়ের জবাব, “সম্ভবত তাই।” এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক চর্চা।

উল্লেখযোগ্য, ২০২৪ সালের অগস্টে দেশজুড়ে তীব্র বিক্ষোভের মুখে বাংলাদেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। তারপর থেকে তিনি ভারতেই রয়েছেন। দিন কয়েক আগেই এক বাংলা সংবাদমাধ্যমকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে হাসিনা স্পষ্ট করেছিলেন, তিনি ভয়ে দেশ ছাড়েননি। তাঁর কথায়, “লক্ষ লক্ষ নিরপরাধ মানুষ যাতে বিপদে না পড়েন, সেই আশঙ্কাতেই দেশ ছাড়তে হয়েছিল।”

ওই সাক্ষাৎকারে তিনি আরও বলেন, গণতন্ত্রের পূর্ণ পুনরুদ্ধার, আওয়ামী লিগ-এর উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হলে তিনি দেশে ফিরতে চান। “বাংলাদেশে বৈধ সরকার প্রতিষ্ঠিত হলে এবং বিচারবিভাগ স্বাধীনতা ফিরে পেলে আমি অবশ্যই ফিরতে চাই,”—বলেছিলেন হাসিনা।

কিন্তু পুত্র জয়ের সাম্প্রতিক মন্তব্যে শোনা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন সুর। আমেরিকায় বসে তিনি কার্যত স্পষ্ট করে দিয়েছেন—হাসিনা আর কোনও পরিস্থিতিতেই সক্রিয় রাজনীতিতে ফিরবেন না। তবে তাঁর দাবি, হাসিনা না ফিরলেও আওয়ামি লিগ রাজনীতিতে অবশ্যই ফিরবে।

জয়ের কথায়, “আওয়ামি লিগ কোথাও যাচ্ছে না। আমাদের এখনও ৪০ থেকে ৫০ শতাংশ ভোটব্যাঙ্ক রয়েছে। ১৭ কোটির দেশের মধ্যে ৬–৭ কোটি ভোটার আমাদের সমর্থক। তারা কি হঠাৎ সমর্থন দেওয়া বন্ধ করে দেবে?” তাঁর যুক্তি—দল ব্যক্তি-নির্ভর নয়।

তবে প্রশ্ন উঠছেই—হাসিনাহীন আওয়ামি লিগ কি আদৌ সম্ভব? এই প্রশ্নের উত্তরে জয় বলেন, “এটা বাংলাদেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল। প্রায় ৭০ বছরের ইতিহাস। মাকে নিয়ে হোক বা মাকে ছাড়া—দল চলবে। কেউ চিরকাল থাকে না।”

এই প্রেক্ষাপটে নতুন প্রশ্ন—হাসিনার পরে কে হবেন আওয়ামি লিগের মুখ? প্রতিবেশী শিবিরে তারেক রহমান দীর্ঘ প্রবাস কাটিয়ে দেশে ফিরে নেতৃত্ব দিচ্ছেন এবং অবাধ নির্বাচন হলে তাঁর প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনাও প্রবল। সেই তুলনায় জয় নিজে কি ভবিষ্যতে আওয়ামি লিগের হাল ধরবেন? এই প্রশ্নের উত্তর অবশ্য তিনি দেননি। আপাতত তা সময়ের গর্ভেই রইল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত