‘কেউ টাকা চাইলে পুলিশে জানান’, শিল্পপতিদের বার্তা শমীকের, খোঁচা সৌরভকেও

শিল্পপতিদের নির্ভয়ে বিনিয়োগের আহ্বান জানিয়ে শমীক ভট্টাচার্য বললেন, কেউ টাকা চাইলে সরাসরি পুলিশকে জানান। স্পেন সফর প্রসঙ্গে কটাক্ষ সৌরভকেও।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার শিল্প ও বিনিয়োগের পরিবেশ নিয়ে বড় বার্তা দিলেন শমীক ভট্টাচার্য। শিল্পপতিদের আশ্বস্ত করে রাজ্য বিজেপি সভাপতি জানালেন, পশ্চিমবঙ্গে শিল্প করতে গেলে আর কোনও রাজনৈতিক দলকে টাকা দিতে হবে না। কেউ বাধা দিলে বা টাকা চাইলে সরাসরি পুলিশের কাছে অভিযোগ জানানোর পরামর্শও দিয়েছেন তিনি। একইসঙ্গে পূর্বতন সরকারের শিল্পনীতি, জমি নীতি এবং বিদেশে গিয়ে বিনিয়োগ টানার রাজনীতিকে কটাক্ষ করেন শমীক। নাম না করেই খোঁচা দেন সৌরভ গঙ্গোপাধ্যায়-কেও।

মঙ্গলবার বেঙ্গল ন্যাশনাল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শমীক। সেখানে শিল্পপতি, ব্যবসায়ী থেকে টলিউডের কলাকুশলীরাও উপস্থিত ছিলেন।

‘ভয়মুক্ত শিল্প পরিবেশ গড়ব’

বক্তৃতায় শমীক দাবি করেন, তৃণমূল সরকারের আমলে পশ্চিমবঙ্গে শিল্পের পরিবেশ কার্যত ধ্বংস হয়ে গিয়েছিল। তাঁর অভিযোগ, “এখানে মেধার বিকাশের কোনও সুযোগ নেই।”

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে আয়োজিত গ্লোবাল বিজ়নেস সামিটের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “যাঁরা বড় বড় ঘোষণা করতেন, তাঁদের গত ১০ বছরের ব্যালেন্স শিট দেখুন। অনেকেই তাঁদের মূলধন অন্য রাজ্যে সরিয়ে নিয়েছেন।”

তাঁর দাবি, পশ্চিমবঙ্গের শিল্পপতিদের নতুন গন্তব্য হয়ে উঠেছে উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশ।

জমি নীতি বদলের ইঙ্গিত

শিল্পায়নের জন্য জমি অধিগ্রহণ নীতিতেও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন শমীক। তিনি বলেন, পঞ্জাব, মহারাষ্ট্র ও হরিয়ানার মতো রাজ্যে যে মডেলে শিল্পের জন্য জমি নেওয়া হয়, পশ্চিমবঙ্গেও সেই পদ্ধতি চালু করা হবে।

শিল্পপতিদের উদ্দেশে তাঁর বার্তা, “আপনারা নির্ভয়ে বিনিয়োগ করুন। আগামী দিনে কেউ ফ্যাক্টরি করতে গেলে কোনও রাজনৈতিক দলের কর্মী টাকা চাইতে আসবে না।”

তিনি আরও বলেন, “কেউ বাধা দিলে সরাসরি পুলিশকে জানান।”

‘সরকার হবে পশ্চিমবঙ্গের, বিজেপির নয়’

শমীক এ-ও স্পষ্ট করেন যে নতুন সরকারকে শুধুমাত্র বিজেপির সরকার হিসেবে দেখা উচিত নয়। তাঁর বক্তব্য, “এই সরকার পশ্চিমবঙ্গের সরকার হবে। অতীতে দল আর সরকারের মধ্যে যে বিভাজনরেখা ছিল, সেটা মুছে গিয়েছিল। আমরা সেই ব্যবধান ফের স্পষ্ট করতে চাই।”

স্পেন সফর ও সৌরভকে কটাক্ষ

শমীকের বক্তৃতায় উঠে আসে ২০২৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্পেন সফরের প্রসঙ্গও। তিনি কটাক্ষ করে বলেন, “আমি চাই না, স্পেনে দাঁড়িয়ে কেউ পশ্চিমবঙ্গে শিল্পের ঘোষণা করুক। পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়েই বিনিয়োগ হোক।”

এরপরই নাম না করে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিশানা করেন তিনি। শমীকের মন্তব্য, “একজন ভদ্রলোককে চিনতাম, যিনি স্টেপ আউট মেরে ওভার বাউন্ডারি মারতেন। পরে দেখলাম, তিনি বাউন্ডারির বাইরে দাঁড়িয়ে বল ছুড়ছেন। স্পেন থেকে পশ্চিমবঙ্গের শিল্পের ঘোষণা হচ্ছে, কিন্তু বাস্তবে কিছুই দেখা যাচ্ছে না।”

উল্লেখ্য, মমতার স্পেন সফরে সৌরভ সঙ্গী ছিলেন এবং মাদ্রিদে শিল্প বিনিয়োগ সংক্রান্ত একাধিক ঘোষণা করেছিলেন।

টলিউড নিয়েও বার্তা

শিল্পের পাশাপাশি টলিউডের বর্তমান পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন শমীক। তাঁর আশ্বাস, চলচ্চিত্র জগতে রাজনৈতিক হস্তক্ষেপ কমানো হবে। সিনেমা তৈরি বা প্রদর্শনে কোনও বাধা থাকবে না বলেও দাবি করেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত