নজরবন্দি ব্যুরো: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দেখা করলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। মঙ্গলবার দুপুরে শুটিংয়ে যাওয়ার আগেই আলিপুরের হাসপাতালে গেলেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেন অভিনেত্রী। একইসঙ্গে তাঁকে ‘সম্পদ’ বলেও উল্লেখ করেন। বুদ্ধবাবুর শরীর খারাপ শুনে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন তিনি।
আরও পড়ুন: আগের থেকে ভাল আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তবে সঙ্কট এখনও কাটেনি
মঙ্গলবার আলিপুরের বেসরকারি হাসপাতালে চলে যান টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এনিয়ে অভিনেত্রী বলেন, “শুনছিলাম উনি খুব অসুস্থ। একবার ভেবেছিলাম ওনাকে দেখতেও যাব। কিন্তু শেষ দু’মাস এত ট্রাভেল করছিলাম যে যাওয়ার সময়টাই পাচ্ছিলাম না। এবারে টানা শুটিং।” তিনি আরও বলেন, “কলকাতায় ফিরেই শুনেছিলাম উনি অসুস্থ, মনটা খুব খারাপ লাগছিল, তাই আজ ভাবলাম শুটিং যাওয়ার আগে একবার দেখা করে যাই। প্রথমে একবার ওনাকে দেখে তারপর শুটিং যাব।” প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে ঋতুপর্ণা জানিয়েছেন, “আগের থেকে ভালো আছেন এবং চিকিৎসায় সাড়া দিচ্ছেন। আমি ওনার দ্রুত আরোগ্য কামনা করছি।”

বুদ্ধবাবুর দ্রুত আরোগ্য কামনা করে টলি অভিনেত্রী বলেন, “উনি আমাদের সম্পদ। ওনার মতো এত অসাধারণ একজন ব্যক্তিত্ব আমাদের কাছে ভীষণ শ্রদ্ধেয়। আমি ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করি, সম্মান করি। উনি আমার বিয়েতেও এসেছিলেন। অনেকদিন সত্যিই ওনার সঙ্গে দেখা-সাক্ষাৎ হয়নি। আশা করি উনি খুব শিগগিরিই সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবেন। সুস্থ হয়ে যান, ভাল হয়ে যান তাড়াতাড়ি, এটাই চাইব।”

উল্লেখ্য, শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে শনিবার উডল্যান্ডসে ভর্তি হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভটাচার্য। এখন তাঁর শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। সোমবার বুদ্ধবাবুকে ‘ইনভেসিভ ভেন্টিলেশন’ থেকে ‘নন ইনভেসিভ ভেন্টিলেশন’-এ আনা হয়েছে। শরীরে কী কী সমস্যা হচ্ছে, নিজেই চিকিৎসকদের জানাতে পারছেন। এই মুহূর্তে প্রতি মিনিটে ২ লিটার অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। এখনও রাইলস টিউবের মাধ্যমেই খাবার দেওয়া হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসকদের পর্যবেক্ষণেই রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সব ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার তাঁকে ছুটি দেওয়া হবে।
বুদ্ধবাবুর সঙ্গে দেখা করলেন ঋতুপর্ণা, ‘উনি আমাদের সম্পদ’, বললেন অভিনেত্রী




