নজরবন্দি ব্যুরো: ভালো আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। যদিও সংকট এখনও কাটেনি। গতকাল রাতে ফিজিওথেরাপি দেওয়া হয়েছে। দেওয়া হচ্ছে ইনসুলিন। হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার সকালে মেডিক্যাল বোর্ডের সদস্যরা বুদ্ধবাবুর স্বাস্থ্য পরীক্ষা করবেন।
আরও পড়ুন: নিম্নচাপের জেরে মঙ্গলে বৃষ্টি বাড়বে, ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুতের সম্ভাবনা রাজ্যে


হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্যের শ্বাস প্রশ্বাস নিতে যাতে কোনও সমস্যা না হয় সেকথা মাথায় রেখে পালমোনারি ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে। রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে ইনসুলিন দেওয়া হচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মেডিক্যাল বোর্ডের সদস্যরা গতকাল রাত পর্যন্ত হাসপাতালেই ছিলেন। মাঝে মাঝে তাঁকে নন ইনভেসিভ বাইপ্যাপ সাপোর্ট দেওয়া হচ্ছে। আরও জানা গিয়েছে, সংক্রমণ মোকাবিলায় কড়া ডোজের অ্যান্টিবায়োটিক দিচ্ছেন চিকিৎসকেরা। এরফলে আবার পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কা রয়েছে, বুদ্ধবাবুর কিডনি প্রভাবিত হতে পারে। তাই এই দিকেও বিশেষ নজর দিতে হচ্ছে চিকিৎসকদের।

বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসায় গঠিত নয় সদস্যের মেডিক্যাল বোর্ডের তরফে জানা গিয়েছে, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন। আচ্ছন্নভাবে সম্পূর্ণ কেটে গিয়েছে। হালকা কথা বলতে পারছেন। গ্লাসগো স্কেলে সচেতনতার মাত্রা ১৫। শরীরে কী কী সমস্যা হচ্ছে, নিজেই চিকিৎসকদের জানাতে পারছেন। এই মুহূর্তে প্রতি মিনিটে ২ লিটার অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। এখনও রাইলস টিউবের মাধ্যমেই খাবার দেওয়া হচ্ছে। গত সোমবার বুদ্ধবাবুকে ‘ইনভেসিভ ভেন্টিলেশন’ থেকে ‘নন ইনভেসিভ ভেন্টিলেশন’-এ আনা হয়েছে।



শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে শনিবার উডল্যান্ডসে ভর্তি হয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভটাচার্য। কয়েকদিনের চিকিৎসার পর আগের চেয়ে কিছুটা ভালো আছেন বুদ্ধবাবু। তবে ফুসফুসে ফাইব্রোসিস রয়েছে। মেডিক্যাল বোর্ডের নজরদারিতেই চলছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসা।
আগের থেকে ভাল আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, তবে সঙ্কট এখনও কাটেনি








