বলিউডে ফের বিয়ের সানাই। দীর্ঘদিনের সম্পর্ককে এবার আইনি স্বীকৃতি দিতে চলেছেন আমির খান এবং তাঁর সঙ্গী গৌরী স্প্র্যাটে। দিনক্ষণও চূড়ান্ত। আগামী ৫ জুলাই ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুদের উপস্থিতিতে জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন এই যুগল। খবর প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে বেড়েছে কৌতূহল।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির নিজেই জানান, তাঁদের বিয়ের অনুষ্ঠান হবে অত্যন্ত ব্যক্তিগত এবং অনাড়ম্বর। কোনও বড়সড় আয়োজন বা তারকাখচিত অনুষ্ঠানের পথে হাঁটছেন না তাঁরা। বরং পরিবারের সদস্য এবং অতি ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই সম্পন্ন হবে বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা।
অভিনেতার কথায়, বাড়িতেই রেজিস্ট্রি ম্যারেজের মাধ্যমে বিয়ে সারতে চান তাঁরা। অনুষ্ঠানকে যতটা সম্ভব সরল এবং ব্যক্তিগত রাখার সিদ্ধান্ত নিয়েছেন দু’জনেই। সেই কারণেই অতিথি তালিকাও রাখা হয়েছে সীমিত।
কয়েক মাস আগেও আমির জানিয়েছিলেন, এই মুহূর্তে বিয়ে তাঁদের কাছে অগ্রাধিকার নয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই ভাবনায় পরিবর্তন এসেছে। বর্তমানে তাঁরা সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত বলেই জানিয়েছেন অভিনেতা। সেই প্রস্তুতির অংশ হিসেবেই বিয়ের আগে কিছুদিন কাজ থেকেও বিরতি নিয়েছেন তিনি।
সূত্রের খবর, বিয়ের পর খুব শিগগিরই পরিচালক রাজকুমার হিরানির নতুন ছবির কাজে ফিরবেন আমির। শোনা যাচ্ছে, বহুল জনপ্রিয় চলচ্চিত্র ‘থ্রি ইডিয়টস’-এর সম্ভাব্য সিক্যুয়েল নিয়েই শুরু হতে পারে তাঁর পরবর্তী ব্যস্ততা।
উল্লেখ্য, ২০২৫ সালে নিজের ৬০তম জন্মদিনে প্রথমবার প্রকাশ্যে গৌরী স্প্র্যাটের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেছিলেন আমির। জানা যায়, প্রায় ২৫ বছর ধরে একে অপরকে চেনেন তাঁরা। বেঙ্গালুরুর বাসিন্দা গৌরীর একটি পুত্রসন্তানও রয়েছে।
ঘনিষ্ঠ মহলের দাবি, গত এক বছর ধরে একসঙ্গে বসবাস করছেন আমির ও গৌরী। দীর্ঘ সম্পর্ক ও পারস্পরিক বোঝাপড়ার পর এবার আনুষ্ঠানিকভাবে দাম্পত্য জীবনে পা রাখতে চলেছেন তাঁরা। ফলে ৫ জুলাইয়ের এই বিয়ে এখন বলিউডের অন্যতম আলোচিত ঘটনাগুলির মধ্যে জায়গা করে নিয়েছে।



