নজরবন্দি ব্যুরো: রেশন দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছে ইডি। তবে আদালতে ইডি হেফাজতের নির্দেশ পেয়েই শুনানি চলাকালীন অসুস্থ হয়ে পড়েন তিনি। গত কয়েকদিন এক বেসরকারি হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি। সোমবার তাঁকে ছুটি দেওয়া হয়। এরপরই মন্ত্রীকে হেফাজতে নেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। রেশন দুর্নীতি নিয়ে তাঁকে জেরা করা হচ্ছে বলে খবর।
আরও পড়ুন: খাট নেই, মাটিতেই শুতে হল! ED হেফাজতে প্রথম রাত কেমন কাটল বালুর?


সোমবার বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। গতকাল রাতেই তাঁকে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। যদিও তাঁকে জেরা করা হয়নি। জানা গিয়েছিল, মঙ্গলবার সকাল থেকে মন্ত্রীর জেরা পর্ব শুরু হবে। ইতিমধ্যেই জেরার কাজ শুরু হয়েছে। তল্লাশিতে মেলা নথির ভিত্তিতে চলছে প্রশ্নপর্ব। রেশন দুর্নীতি মামলায় ফের একবার মন্ত্রীর প্রাক্তন ও বর্তমান আপ্ত সহায়ককে তলব করা হয়েছে। রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের ভূমিকা কী? কীভাবে লাভবান হয়েছেন তিনি? মন্ত্রীর হাত ধরে আর কারা কারা লাভবান হয়েছেন, এমন অনেক প্রশ্ন রয়েছে ইডির তালিকায়।

রেশন দুর্নীতি মামলায় ব্যবসায়ী বাকিবুর রহমানকে গ্রেফতারের পরই বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দেয় ইডির আধিকারিকরা। দীর্ঘ ২১ ঘণ্টার তল্লাশি শেষে তাঁকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছিল, হেফাজতে নিয়ে বাকিবুর ও জ্যোতিপ্রিয়কে মুখোমুখি জেরা করতে চায় ইডি। কিন্তু মন্ত্রী অসুস্থ হয়ে পড়ায় তা সম্ভব হয়নি।



উল্লেখ্য, বাকিবুরের গ্রেফতারির পর তাঁর সম্পত্তির হদিশ পেতেই চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছিল ইডির। প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তি বাকিবুরের রয়েছে বলে দাবি তদন্তকারীদের। জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর তাঁরও একাধিক সম্পত্তির হদিশ মেলে। নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের ‘অপা’র পর শান্তিনিকেতনে খোঁজ পাওয়া যায় বনমন্ত্রীর ‘দোতারা’র।
রেশন দুর্নীতিতে প্রাক্তন খাদ্যমন্ত্রীর ভূমিকা কী? হেফাজতে নিয়েই জ্যোতিপ্রিয়কে জেরা ইডির

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



