প্রয়াত প্রদীপ ঘোষ, পিতৃহারা বিজেপি নেতা সজল

প্রয়াত প্রদীপ ঘোষ, পিতৃহারা বিজেপি নেতা সজল। সোমবার বিকেলেই একথা জানিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেন সজল ঘোষ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

মারা গেলেন বিজেপি নেতা সজল ঘোষের বাবা প্রদীপ ঘোষ। সোমবার বিকেলেই একথা জানিয়ে সমাজ মাধ্যমে পোস্ট করেন কলকাতার কাউন্সিলর তথা বিজেপি নেতা সজল ঘোষ। সজলের বাবাও ছিলেন একজন রাজনৈতিক নেতা। কলকাতা পুরনিগমের প্রাক্তন মেয়র পরিষদের সদস্য ছিলেন প্রদীপ ঘোষ। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি। সেই সঙ্গে ভুগছিলেন একাধিক শারিরিক সমস্যা নিয়ে। এদিন বিকেলে তাঁর মৃত্যুর কথা জানান পুত্র সজল। সমাজ মাধ্যমে সজল ঘোষ লেখেন, “বাবা চলে গেলেন। আগামিকাল সকাল ৯টায় বাড়িতে মরদেহ আনা হবে l ১২ টায় শেষ যাত্রা। দয়া করে এখন ফোন করবেন না।”

অনেকদিন ধরে বার্ধক্যজনিত সমস্যার পাশাপাশি কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। কখনও বাড়িতে কখনও হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। তবে সোমবার আর মৃত্যুর সঙ্গে পেরে উঠতে পারেননি তিনি। হাসপাতালেই মৃত্যু বরণ করেন তিনি।

প্রয়াত প্রদীপ ঘোষ ছিলেন একসময়ের কংগ্রেসের বহু পরিচিত প্রথম সারির এক নেতা। যদিও ২০১৪ সাল নাগাদ কংগ্রেস ত্যাগ করেন তিনি। এরপরেই বিজেপির রাজ্য সদর দফতরে দেখা যায় তাঁকে সেই সঙ্গে যোগ দেন বিজেপিতে। মূলত কঠোর তৃণমূল বিরোধী হয়ে উঠেছিলেন প্রদীপ ঘোষ। এই কারণেই তৃণমূল বিরোধী আগামী দিনের প্রধান দল বলে মনে হয়েছিল বিজেপিকেই। তাই তিনি যোগ দেন বিজেপিতে। আর তাঁর দেখানো পথেই বিজেপিতে যোগ দেন সজল ঘোষও।

এছাড়াও লেবুতলা পার্ক বা সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো যা কিনা এখন প্রায় সজল ঘোষের পুজো নামেই পরিচিত। সেই পুজোর শুরু সজলের বাবা প্রদীপ ঘোষের হাত ধরেই। তবে এখন সেই পুজো অন্য মাত্রায় নিয়ে গেছেন পুত্র সজল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত