নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের বাকি হাতেগোনা আর কয়েকদিন। ভোটের আগেই রাজ্যজুড়ে অশান্তির খবর সামনে এসেছে। আগামী দিনেও ভোটকে কেন্দ্র করেই পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা করছে বিরোধীরা। এবার সেই আশঙ্কা নিয়েই নির্বাচনের দিনই পথ অবরোধে নামতে চলেছে বঙ্গ বিজেপি। কলকাতার একাধিক রাস্তায় চলবে বিক্ষোভ কর্মসূচি। কোন কোন রুট রয়েছে বিজেপির পরিকল্পনায়?
আরও পড়ুন: পঞ্চায়েতের কাজে ব্যস্ত Saayoni Ghosh! ইডি দফতরে আজ হাজিরা এড়ালেন যুবনেত্রী
সূত্রে খবর, আগামী শনিবার অর্থাৎ ৮ জুলাই হাইভোল্টেজ পঞ্চায়েত ভোট। ওইদিন সকাল ১১ টার পর কলকাতার একাধিক জায়গায় কর্মীদের বিক্ষোভ কর্মসূচি পালনের নির্দেশ দেওয়া হয়। শ্যামবাজার, হাজরা মোড়, মৌলালি রয়েছে এই তালিকায়। বিজেপির তরফে দাবি করা হয়েছে, ভোটের দিনও অশান্তির আশঙ্কা রয়েছে। তাই আগে থেকেই কর্মীদের সতর্ক করা হয়েছে। দলীয় কর্মীদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার বিজেপির শীর্ষ নেতৃত্বের কারা অংশ নেবেন? কর্মসূচি ঘোষণা হতেই প্রশ্ন উঠছে নানা মহলে।

দলীয় কর্মীদের ভোটের দিন যত দ্রুত সম্ভব ভোট সেরে কর্মসূচিতে যোগ দিতে বলা হয়েছে। যদিও জানা গিয়েছে, ওইদিন বড় কোনও অশান্তি হলেই পথ অবরোধ করা হবে। এমনকি জেলার সমস্ত নেতাদের কেন্দ্রীয় বাহিনী এবং রাজভবনের নম্বর রাখতে বলা হয়েছে। কোনওপ্রকার গণ্ডগোল হলে প্রয়োজনে ফোনে যোগাযোগ করা যাবে।

গেরুয়া শিবির সূত্রে খবর, ভোটের দিন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজ নিজ কর্মসূচিতে ব্যস্ত থাকবেন। তবে সময় পেলে তাঁরা কলকাতায় বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে পারেন। শনিবার সুকান্ত মজুমদার থাকবেন তাঁর নির্বাচনী এলাকা বালুরঘাটে, নন্দীগ্রামে থাকবেন সেখানকার বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তবে এবং বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন।
ভোটের দিনই পথ অবরোধে নামছে বঙ্গ বিজেপি, শহরের ৮ রাস্তায় বিক্ষোভ কর্মসূচি!




