নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত ভোট ইস্যু, আদালতের দ্বারস্থ হচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোট আবহে এর আগেও কলকাতা হাইকোর্টে পিটিশন দাখিল করেছিল শুভেন্দু। রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগে তাঁর সাফ কথা, ‘আইন মেনে কাজ করছে না কমিশন, মানছে না আদালতের নির্দেশও’। রাজ্য নির্বাচন কমিশনের বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুলে বৃহস্পতিবার ফের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হচ্ছেন শুভেন্দু অধিকারী।
আরও পড়ুন: পঞ্চায়েত ভোট নাড়ছে কড়া, কমিশনের অতিরিক্ত দায়িত্বে আইএএস সঞ্জয় বনশল


রাজ্যের বিরোধী দলনেতার অভিযোগ, স্পর্শকাতর বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সহ বিকল্প পদ্ধতিতে প্রার্থীদের মনোনয়নে কোনও ব্যবস্থা নেয়নি কমিশন। রাজ্য বিজেপির লিগাল সেলের বৈঠকে বৃহস্পতিবার আদালতে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।শুভেন্দু অধিকারীর অভিযোগ ‘ এখনও পর্যন্ত ৫০টিরও বেশি ব্লকে শাসক দল তৃণমূল কংগ্রেসের বাধায় বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারেননি। প্রার্থীরা মনোনয়ন পত্র জমা কিংবা অন্য বিষয়ে অভিযোগ জানাতে হলে অনলাইনে অভিযোগ নেওয়ার কথা থাকলেও কমিশন এ ব্যাপারে নীরব’। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে তোপ দেগে শুভেন্দুর আরও অভিযোগ,’ বারবার কমিশনের কাছে নালিশ জানিয়েও কোনও ফল মিলছে না। তাই এই কমিশনারের ওপর আমাদের কোনও আস্থা নেই। তাই মাঠে ময়দানে লড়াই করার পাশাপাশি আইনি লড়াই জারি থাকবে’।

গত মঙ্গলবার বিরোধীদের পঞ্চায়েত ভোট মামলার রায় দিতে গিয়ে রাজ্য নির্বাচন কমিশনের ওপরই কার্যত আস্থা রাখেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মামলার অন্যতম আবেদনকারী শুভেন্দু অধিকারীর কথায়, ‘আদালত আমাদের বক্তব্যকে অনেক ক্ষেত্রেই মেনে নিলেও রাজ্য নির্বাচন কমিশন আইন মেনে কাজ করছে না। বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ আস্থা রয়েছে। এই কারণেই বৃহস্পতিবার ওই বিষয়গুলি আদালতের নজরে আনব।’



অন্যদিকে, পঞ্চায়েত নির্বাচনের আগে মনোনয়ন জমা দেওয়ার কাজ চলছে রাজ্যজুড়ে। প্রথম দিন থেকেই একাধিক জায়গায় অশান্তির খবর সামনে এসেছে। মঙ্গলবার মনোনয়নের চতুর্থ দিনে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙর। বোমাবাজি থেকে শুরু করে দফায় দফায় গুলি চলে এলাকায়। আইএসএফ কর্মীদের বাধা দেওয়া হয় বলেও অভিযোগ ওঠে। এরপরই কলকাতা হাইকোর্টে নিরাপত্তা চেয়ে মামলা করে আইএসএফ। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে এই মামলার শুনানি হবে বলে খবর।
পঞ্চায়েত ভোট ইস্যু, আদালতের দ্বারস্থ শুভেন্দু অধিকারী

গত মঙ্গলবার ভাঙড়ের দু নম্বর ব্লকে মনোনয়ন জমাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। বিডিও অফিসের সামনেই বোমাবাজি শুরু হয়। কয়েক রাউন্ড গুলি চলে। এমনকি স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা আইএসএফ কর্মীদের মনোনয়ন জমা দিতে বাধা দেয় এবং দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে বলেও বলে অভিযোগ ওঠে। এই ঘটনার রেশ বজায় থাকে বুধবারও। ভাঙড়ের অর্ধেক দোকান বন্ধ। ঘটনাস্থল ভাঙর ২ নম্বর ব্লকের সামনে পুলিশ পিকেটিং। এরই মধ্যে মনোনয়ন জমা দেওয়ার কাজ চলছে। তবে শাসক বা বিরোধী দল- কোনও পক্ষ থেকেই যাতে অশান্তির সৃষ্টি না হয় সেদিকে নজর রাখছে প্রশাসন।








