উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণবঙ্গে বাড়ছে অস্বস্তিকর গরম

উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি। অন্যদিকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমে বাড়ছে তাপমাত্রা ও ভ্যাপসা গরমের অস্বস্তি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

একদিকে পাহাড় ও ডুয়ার্সে ভারী বৃষ্টির পূর্বাভাস, অন্যদিকে দক্ষিণবঙ্গে চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। আবহাওয়ার এই দ্বিমুখী চরিত্রে নাজেহাল রাজ্যবাসী। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, উত্তরবঙ্গে অক্ষরেখার প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, যার জেরে আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিপরীতে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমে যাওয়ায় বাড়বে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি। কলকাতাতেও আপাতত স্বস্তির বৃষ্টির দেখা মিলছে না।

কলকাতায় বাড়বে গরমের অস্বস্তি

মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশে রোদ-মেঘের লুকোচুরি দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে রোদের তেজ। ফলে ভ্যাপসা গরমে নাজেহাল হতে পারেন শহরবাসী।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তার জেরে আগামী কয়েক দিনে শহরের তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

মঙ্গলবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি কম। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৮ ডিগ্রি কম হলেও আর্দ্রতার কারণে অস্বস্তি বজায় থাকবে।

দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিন শুষ্ক আবহাওয়ার ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত কার্যত ঝড়বৃষ্টির সম্ভাবনা খুবই কম।

ফলে গরমের দাপট আরও বাড়বে বলেই আশঙ্কা। পূর্বাভাস অনুযায়ী, শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। সেই সঙ্গে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তিও।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির ভ্রুকুটি

অন্যদিকে উত্তরবঙ্গে জারি হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবারও দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে বলে জানানো হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত