দীর্ঘ চোট, ফিটনেস নিয়ে প্রশ্ন আর জাতীয় দল থেকে বারবার বাদ পড়া— সব সংশয়ের মাঝেই অবশেষে এল সুখবর। ব্রাজ়িলের বিশ্বকাপ প্রস্তুতির ৫৫ জনের প্রাথমিক স্কোয়াডে জায়গা পেলেন নেইমার। শৈশবের ক্লাব সান্তোসে ফিরে নিজেকে নতুন করে প্রমাণ করার যে লড়াই শুরু করেছিলেন, তারই প্রথম বড় পুরস্কার পেলেন ব্রাজ়িলিয়ান তারকা। নতুন কোচ কার্লো আন্সেলোত্তির আস্থায় ফের একবার সেলেকাও জার্সিতে বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছেন নেইমার।
ব্রাজ়িল দলে প্রত্যাবর্তনের ইঙ্গিত
চোটের কারণে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন নেইমার। আল-হিলাল অধ্যায় শেষে সান্তোসে ফেরার পরেও তাঁর ফিটনেস নিয়ে ছিল একাধিক প্রশ্ন। সেই কারণেই ব্রাজ়িলের সাম্প্রতিক স্কোয়াডে জায়গা হয়নি তাঁর। তবে ক্লাব ফুটবলে ধারাবাহিক পারফরম্যান্স বদলে দিয়েছে পরিস্থিতি।


সান্তোসের হয়ে শেষ ১২ ম্যাচে পাঁচ গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন নেইমার। শুধু গোল করা নয়, আক্রমণ সাজানো এবং খেলার গতি নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন তিনি। সেই পারফরম্যান্সেই মুগ্ধ হয়েছেন আন্সেলোত্তি। আগেই তিনি জানিয়েছিলেন, শুধুমাত্র ফিট ও ছন্দে থাকা ফুটবলারদেরই বিশ্বকাপ পরিকল্পনায় রাখা হবে।
কেন এখনও ব্রাজ়িলের বড় ভরসা নেইমার?
২০২৩ সালের পর আর ব্রাজ়িলের জার্সিতে মাঠে নামেননি নেইমার। তাই চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে তাঁকে কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হবে। তবুও তাঁর অভিজ্ঞতা ব্রাজ়িল দলের কাছে বিরাট সম্পদ।
সান্তোসে ফিরে আগের তুলনায় কিছুটা গভীর ভূমিকায় খেলছেন তিনি। উইং থেকে শুধু গতি নির্ভর আক্রমণ নয়, এখন মাঝমাঠ থেকে আক্রমণ তৈরি এবং টেম্পো কন্ট্রোলেও নজর কাড়ছেন। আন্সেলোত্তির কৌশলেও এই বহুমুখী ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে।


তবে সব কিছুর কেন্দ্রেই রয়েছে একটাই প্রশ্ন— তিনি কি পুরোপুরি ফিট থাকতে পারবেন? ধারাবাহিক পারফরম্যান্স বজায় রাখাই এখন নেইমারের সবচেয়ে বড় পরীক্ষা।
ব্রাজ়িলের প্রাথমিক স্কোয়াডে আর কারা?
প্রত্যাশা মতোই এই প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছেন ভিনিসিয়াস, রাফিনিয়া, এন্দ্রিক, ম্যাথিউস কুনহা, এস্তেভাও, হোয়াও পেদ্রোরা। তবে বড় চমক তারকা উইঙ্গার অ্যান্টনির ডাক পাওয়া। মিডফিল্ডারদের মধ্যে ডাক পেয়েছেন কাসেমিরো, লুকাস পাকুয়েতারা। ডিফেন্ডারদের মধ্যে বড় নাম মার্কুইনহোস, থিয়াগো সিলভা, গ্যাব্রিয়েল মাগালহাসরা। গোলকিপারদের মধ্যে আছেন আলিসন, এদেরসনরা।







