নজরবন্দি ব্যুরো: মঙ্গলবার বেলা ১২টায় লোকসভায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হল। বক্তৃতা শুরু করলেন কংগ্রেস নেতা গৌরব গগৈ। এদিকে আলোচনা শুরুর আগেই বিজেপির সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা, শেষ বলে ছয় মারব আমরাই!
আরও পড়ুন: চেয়ারম্যান ধনখড়ের সঙ্গে বচসা, রাজ্যসভা থেকে সাসপেন্ড ডেরেক


মোদী পদবি অবমাননা মামলায় দোষী সাব্যস্ত হয়ে নিজের সাংসদ পদ খুইয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রায় মাস চারেক পর সুপ্রিম কোর্টের রাহুলের সাজায় স্থগিতাদেশ দেওয়ায় সাংসদ পদ ফিরে পেয়েছেন তিনি। আজ কথা ছিল, অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা শুরু করবেন রাহুল গান্ধী। কিন্তু, কংগ্রেস নেতা গৌরব গগৈ আলোচনা শুরু করলেন। এই নিয়ে শুরুতেই হই হট্টোগোল শুরু করে দেন বিজেপি সাংসদরা। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী দাবি করেন, “আমরা চাই রাহুল গান্ধী বক্তৃতা করুন।”

অনাস্থা প্রস্তাব নিয়ে বিজেপির তরফে প্রথম বক্তৃতা করবেন নিশিকান্ত দুবে। এছাড়াও বক্তৃতা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, কিরেন রিজিজু, জ্যোতিরাদিত্য শিন্ডে, স্মৃতি ইরানী, লকেট চট্টোপাধ্যায় প্রমুখ। অন্যদিকে, কংগ্রেসের বক্তাদের মধ্যে রয়েছেন রাহুল গান্ধী, গৌরব গগৈ, মণীশ তিওয়াড়ি, অধীর রঞ্জন চৌধুরী প্রমুখ।



প্রসঙ্গত, গত ২০ জুলাই সংসদের বাদল অধিবেশন শুরু হয়। কিন্তু মণিপুরের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করতে থাকেন বিরোধীরা, যে কারণে বারংবার অধিবেশন মুলতুব রাখতে হয়েছে। এরপর ২৬ তারিখ কংগ্রেস সাংসদ গৌরব গগৈ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে নোটিস জমা দেন। সেই পরিপ্রেক্ষিতেই লোকসভায় স্পিকার ওম বিড়লা আজ অর্থাৎ ৮ই অগস্ট অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার সিদ্ধান্ত নেন।
লোকসভায় শুরু অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা, শেষ বলে ছয় মারবেন মোদী?








