গত ১১ ফেব্রুয়ারি সন্দেশখালির ঘটনায় গ্রেফতার হয়েছেন সিপিআইএম নেতা তথা প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দার (Nirapada Sardar)। সেই থেকে পুলিশি হেফাজতেই রয়েছেন তিনি। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন তিনি। করলেন জামিনের আবেদন। চলতি সপ্তাহেই বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে বলে হাই কোর্ট সূত্রে খবর।
আরও পড়ুন: পাগড়ি পরিহিত অফিসারকে খলিস্তানি অপবাদ! অগ্নিমিত্রা-মন্তব্যের সমালোচনায় সরব মমতা
সন্দেশখালির তিন তৃণমূলনেতার বিরুদ্ধে পথে নেমেছেন গ্রামবাসীরা। নারী নির্যাতন থেকে শুরু করে জমি হাতানো অভিযোগের তালিকাটা বেশ দীর্ঘ। অভিযুক্ত উত্তম সর্দার ও শিবু হাজরার বাড়ি ভাঙচুর ও পোলট্রি ফার্মে আগুন জ্বালিয়ে দেয় উত্তেজিত জনতা। গ্রামবাসীদের উস্কানি দেবার অভিযোগে গ্রেফতার হন নিরাপদ সর্দার (Nirapada Sardar)।

১১ ফেব্রুয়ারি, নিরাপদকে (Nirapada Sardar) প্রথমে জিজ্ঞাসাবাদের জন্য বাঁশদ্রোণী থানায় ডাকা হয়। এরপর সেদিনই তাঁকে গ্রেফতার করা হয়। নিরাপদর গ্রেফতারিতে থানা ঘেরাও করে বামেরা। ঘটনাস্থলে আসেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

সন্দেশখালিকাণ্ডে অনৈতিকভাবে গ্রেফতার, হাই কোর্টের দ্বারস্থ CPIM নেতা নিরাপদ
প্রথমে, শিবু হাজরার অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হলেও নিরাপদকে (Nirapada Sardar) জামিন দেয় বসিরহাট মহকুমা আদালত। এরপর আবার শিবু হাজরার ম্যানেজার ভানু মণ্ডল অভিযোগ করেন, পোলট্রি ফার্মে আগুন লাগানোর ঘটনায় অনেক মুরগির মৃত্যু হয়েছে। প্রিভেনশন অব অ্যানিম্যাল ক্রুয়েলটি অ্যাক্টের ভিত্তিতে গ্রেফতার করা হয় নিরাপদকে।

মঙ্গলবার আদালতে জামিনের আর্জি জানানোর পাশাপাশি হাই কোর্টে (Calcutta High Court) বাম নেতা জানিয়েছেন, তিনি সম্পূর্ণ নির্দোষ, পোলট্রি ফার্মে আগুন লাগানীর ঘটনায় তাঁর কোনও মদত নেই। নিরাপদর গ্রেফতারির ঘটনায় রাজ্য পুলিশ ও রাজ্য সরকারের নিন্দায় সরব বামেদের শীর্ষনেতারা।



