নজরবন্দি ব্যুরোঃ দেশ স্বাধীনের পর সবচেয়ে বড় অর্থনৈতিক বিপর্যয়ে ধুঁকছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। এরই মধ্যে দেশটির জনগণের মধ্যে দেখা দিয়েছে অসন্তোষ। শ্রীলঙ্কার পূর্বেকার মন্ত্রিসভা পদত্যাগ করেছে। জোট সরকার গঠনে সরকারি দলের প্রস্তাবও প্রত্যাখ্যান করেছে বিরোধী দল। এদিকে তীব্র জন-অসন্তোষের মধ্যেও নতুন করে আবারও ১৭ জন মন্ত্রী দায়িত্ব গ্রহণ করেছেন।
আরও পড়ুনঃ মোদিকে চিঠি নতুন পাক প্রধানমন্ত্রীর, বললেন কাশ্মীর সমস্যা সমাধানের কথা


এর আগে গত ৩ এপ্রিল অর্থনৈতিক সংকট মোকাবিলায় সরকারের ব্যর্থতার দায় নিয়ে মন্ত্রিসভার ২৬ সদস্য একযোগে পদত্যাগ করেন। সে সময় পদত্যাগকারী মন্ত্রীদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রীর ছেলে নামাল রাজাপাকসেও। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে এবং প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের পদত্যাগ চেয়ে বিক্ষোভ দেখাচ্ছেন শ্রীলঙ্কার নাগরিকরা।

আর এর মধ্যেই সোমবার নতুন মন্ত্রিসভা শপথ নিল শ্রীলঙ্কায়। বেশ কিছু তরুণ মুখকে সুযোগ দেওয়া হয়েছে নতুন ক্যাবিনেটে। দুই কোটি জনসংখ্যার দেশটিতে নিত্যপণ্যের আকাশছোঁয়া দামে বিপর্যস্ত জনজীবন। আকাশছোঁয়া মূল্যস্ফীতি, দুর্বল সরকারি অর্থব্যবস্থা এবং করোনার কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতি দেশটির এই বিপর্যয়ের অন্যতম কারণ। আর এই সময় ক্যাবিনেট গঠনের পরে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে বিশেষ বার্তা দেন নতুন মন্ত্রীদের।



তিনি বলেন, “মন্ত্রিত্ব মানেই সুযোগ সুবিধা নেওয়া নয়। মন্ত্রীদের উপরে অনেক দায়িত্ব থাকে।” নতুন মন্ত্রীরা নিজেদের ক্ষমতার অপব্যবহার করবেন না, এমনটাই আশা করেন তিনি। দেশের অধিকাংশ সংস্থা আর্থিক দুর্দশায় ভুগছে, সে কথা উল্লেখ করেন প্রেসিডেন্ট। দেশের তরুণদের প্রতি বার্তা দিয়ে তিনি বলেছেন, “নতুন মন্ত্রীদের সমর্থন করুন সকলে।”

শ্রীলঙ্কায় নতুন মন্ত্রিসভা গঠন, বিক্ষোভের মধ্যেই ১৭ জন নতুন মন্ত্রী হলেন
মনে করা হচ্ছে, রাজাপক্ষে পরিবারের প্রতি বাড়তে থাকা জনরোষ সামলাতেই এই পদক্ষেপ নিয়েছেন গোতাবায়া। নতুন ক্যাবিনেটের দিকে এই বিপর্যয়ের দায় ঠেলে দিতে পারেন প্রেসিডেন্ট, এমন ধারণাও করছেন অনেকে।







