উচ্চ মাধ্যমিক ফল ২০২৬ প্রকাশ! পাশের হার ৯১.২৩%, মেধাতালিকায় ৬৪—জেলায় শীর্ষে পূর্ব মেদিনীপুর

উচ্চ মাধ্যমিক ২০২৬-এ পাশের হার ৯১.২৩ শতাংশ, মেধাতালিকায় ৬৪ জন; পূর্ব মেদিনীপুর শীর্ষে, মেয়েদের সাফল্য নজরকাড়া

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হতেই স্বস্তির নিঃশ্বাস রাজ্যের লক্ষাধিক ছাত্রছাত্রীর—২০২৬ সালে পাশের হার দাঁড়াল ৯১.২৩ শতাংশ। মেধাতালিকায় জায়গা করে নিয়েছে মোট ৬৪ জন পড়ুয়া, আর সাফল্যের নিরিখে আবারও এগিয়ে পূর্ব মেদিনীপুর জেলা।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর মোট ৫,৭১,৩৫৫ জন পরীক্ষার্থী পাশ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্যভাবে ৩,২০,২৩০ জনই ছাত্রী, যা মেয়েদের সাফল্যের ধারাকে আরও জোরালো করেছে। জেলার ভিত্তিতে পাশের হারে প্রথম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর (৯৪.১৯ শতাংশ)। এরপর ক্রমানুসারে হাওড়া, উত্তর ২৪ পরগনা, হুগলি, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, পুরুলিয়া এবং দার্জিলিং।

সংসদের তরফে জানানো হয়েছে, পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৭৬ দিনের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হয়েছে। একইসঙ্গে আজ সকাল ১১টা থেকে নির্দিষ্ট কেন্দ্র থেকে পরীক্ষার্থীদের হাতে মার্কশিট ও শংসাপত্র তুলে দেওয়া শুরু হয়েছে।

এ বছরের ফলাফলে আরও কিছু নতুন উদ্যোগ নজরে পড়েছে। মার্কশিটে এবার বিষয়ভিত্তিক নম্বরের পাশাপাশি পার্সেন্টাইল ও পরীক্ষার্থীর ছবি যুক্ত করা হয়েছে। প্রতিটি স্কুলের জন্য আলাদা বিশ্লেষণমূলক রিপোর্টও প্রকাশ করা হচ্ছে, যেখানে নির্দিষ্ট স্কুলে কতজন পরীক্ষার্থী অংশ নিয়েছে এবং তাঁদের ফলাফল কী—তার বিস্তারিত পরিসংখ্যান থাকবে।

শুধু তাই নয়, পরীক্ষার পদ্ধতিতেও আনা হচ্ছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। সংসদ জানিয়েছে, চতুর্থ সেমেস্টারের পরীক্ষায় প্রত্যাশিত ফল না হলে পরীক্ষার্থীরা পুনরায় পরীক্ষায় বসার সুযোগ পাবেন। এ সংক্রান্ত নির্দেশিকা শীঘ্রই প্রকাশ করা হবে।

সংবাদিক সম্মেলনের শুরুতেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি পার্থ কর্মকার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান এবং সকল পরীক্ষার্থীকে শুভেচ্ছা জানান।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত