বলিউডে ফের সম্পর্ক ভাঙনের জল্পনা। অভিনেত্রী মৌনি রায় এবং তাঁর স্বামী সূরজ নাম্বিয়ার–কে ঘিরে এখন তুমুল চর্চা বি-টাউনে। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, গত ছয় মাস ধরে আলাদা থাকছেন এই তারকা দম্পতি। এমনকি বিচ্ছেদের প্রক্রিয়া শুরু করতে আইনজীবীদের সঙ্গেও নাকি যোগাযোগ করছেন মৌনি।
সম্প্রতি সাংবাদিক ভিকি লালওয়ানি সোশ্যাল মিডিয়ায় দাবি করেন, যদিও এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের আবেদন করা হয়নি, তবু পরিস্থিতি সেই দিকেই এগোচ্ছে। তাঁর দাবি, খুব শীঘ্রই মৌনি ও সূরজের মধ্যে একটি কাউন্সেলিং সেশনও হতে পারে।
সূত্রের খবর, দুবাইয়ের ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের সঙ্গে মৌনির সম্পর্কের দূরত্ব গত কয়েক মাসে অনেকটাই বেড়েছে। এমনও শোনা যাচ্ছে, অভিনেত্রী নিজের থাকার জায়গাও বদলাচ্ছেন। ২০২৫ সালের অক্টোবর মাস থেকে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও পার্টিতে মৌনিকে একাই দেখা যাচ্ছিল বলে দাবি করা হয়েছে।
জল্পনায় আরও ইন্ধন জোগায় তাঁদের সোশ্যাল মিডিয়ার কার্যকলাপ। ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করা এবং বিয়ের একাধিক ছবি মুছে ফেলার পর থেকেই বিচ্ছেদের গুঞ্জন জোরালো হয়। কিছু প্রতিবেদনে এমনও দাবি করা হয়েছে যে, সম্পর্কের সময় মৌনির জনপ্রিয়তা ও আর্থিক সুবিধা ব্যবহার করেছেন সূরজ। যদিও এই অভিযোগের কোনও স্বাধীন সত্যতা এখনও প্রকাশ্যে আসেনি।
এই আবহেই বুধবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে প্রতিক্রিয়া দেন মৌনি রায়। তিনি সংবাদমাধ্যমকে উদ্দেশ্য করে লেখেন, “মিথ্যা খবর ছড়াবেন না এবং আমাদের ব্যক্তিগত পরিসর ও গোপনীয়তাকে সম্মান করুন।” তবে তিনি স্পষ্টভাবে বিচ্ছেদের খবর অস্বীকারও করেননি।
অন্যদিকে সূরজ নাম্বিয়ারের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে জল্পনা আরও বাড়ছে বলেই মনে করছে বলিউড মহল।
প্রসঙ্গত, ২০২২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন মৌনি ও সূরজ। তাঁদের সম্পর্ক বরাবরই আলোচনায় থেকেছে। তাই এই বিচ্ছেদের জল্পনাও এখন বিনোদন জগতের অন্যতম চর্চিত বিষয় হয়ে উঠেছে।



