রায়পুরে KKR–এর হারে ধাক্কা খেয়েছেন সমর্থকরা ঠিকই, কিন্তু এখনও নিভে যায়নি প্লে-অফের আশা। RCB–র বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ হারার পর কেকেআরের সমীকরণ কঠিন হয়ে উঠেছে বটে, তবে অঙ্কের হিসেবে এখনও নক-আউটের দৌড়ে রয়েছে অজিঙ্ক রাহানের দল।
টানা চার ম্যাচ জয়ের পর এই হার নাইটদের গতি থামিয়ে দিয়েছে। প্লে-অফের লড়াইয়ে ম্যাচটি কার্যত ‘করো বা মরো’ পরিস্থিতির ছিল। তবু এখনও শেষ হয়ে যায়নি সব হিসাব।
বর্তমানে ১১ ম্যাচে কেকেআরের সংগ্রহ ৯ পয়েন্ট। এর মধ্যে রয়েছে ৪টি জয় এবং ৬টি হার। এছাড়া পঞ্জাব কিংসের বিরুদ্ধে বৃষ্টির কারণে পরিত্যক্ত ম্যাচ থেকে পাওয়া ১ পয়েন্ট এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এখন সমীকরণ একেবারে স্পষ্ট। বাকি তিনটি ম্যাচই জিততে হবে কেকেআরকে। সামনে রয়েছে Gujarat Titans, MI এবং DC–এর মতো কঠিন প্রতিপক্ষ। এই তিন ম্যাচে জয় পেলে কেকেআরের পয়েন্ট দাঁড়াবে ১৫।
তবে শুধু নিজেদের ম্যাচ জিতলেই হবে না। অন্য দলগুলির ফলাফলের দিকেও তাকিয়ে থাকতে হবে নাইটদের। বিশেষ করে পঞ্জাব কিংস, চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস যেন ১৪ পয়েন্টের বেশি না পায়, সেই প্রার্থনাই করতে হবে কেকেআর সমর্থকদের।
আরও বড় চিন্তার জায়গা নেট রান রেট। বর্তমানে কেকেআরের রান রেট নেতিবাচক। ফলে একাধিক দল সমান পয়েন্টে শেষ করলে সমস্যা বাড়বে। তাই শুধু জিতলেই হবে না, বড় ব্যবধানে জিততে হবে রাহানেদের।
এই মুহূর্তে কেকেআর কার্যত খাদের কিনারায় দাঁড়িয়ে। কিন্তু ক্রিকেট এমন এক খেলা, যেখানে শেষ মুহূর্ত পর্যন্ত সব সম্ভাবনাই বেঁচে থাকে। এখন দেখার, রাহানে কি পারেন দলকে ঘুরে দাঁড় করিয়ে অসম্ভবকে সম্ভব করতে।



