NCPI Lok Sabha News: লোকসভায় প্রথমবার পৃথক দল হিসেবে সাংসদদের জন্য আলাদা আসন ও সংসদীয় পরিকাঠামো পেতে চলেছে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া (এনসিপিআই)। তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে আসা সাংসদদের নিয়ে গঠিত এই দলের সাংসদরা এবার নতুন সংসদ ভবনে পৃথকভাবে বসবেন। একই সঙ্গে দলের সংসদীয় নেতৃত্বেও আসছে বড় রদবদল।
সোমবার বিকেলে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে বৈঠকের পর তৃণমূলের প্রাক্তন সাংসদ তথা প্রবীণ নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, সংসদে এনসিপিআইয়ের সাংগঠনিক ও সংসদীয় অধিকার নিশ্চিত করার প্রক্রিয়া শুরু হয়েছে। তাঁর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও।
দলীয় সূত্রে জানা গিয়েছে, লোকসভায় এনসিপিআইয়ের দলনেতা হিসেবে দায়িত্ব নিতে চলেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের লোকসভা দল পরিচালনার অভিজ্ঞতা থাকায় তাঁকেই এই দায়িত্ব দেওয়া হচ্ছে বলে খবর।
অন্যদিকে, কাকলি ঘোষ দস্তিদার-কে দলের মুখ্য সচেতক (Chief Whip) করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের দাবি। তৃণমূলে থাকাকালীনও তিনি স্বল্প সময়ের জন্য এই দায়িত্ব পালন করেছিলেন। একই সঙ্গে উপ-দলনেতা হিসেবে বীরভূমের চারবারের সাংসদ শতাব্দী রায়ের নামও প্রায় চূড়ান্ত বলে জানা গিয়েছে।
আগামী ২০ জুলাই শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন। তার আগে ১৯ জুলাই এনসিপিআইয়ের সাংসদদের বৈঠকে এই পদগুলিতে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হবে। ওই দিনই কেন্দ্রের ডাকা সর্বদল বৈঠকেও অংশ নেবে দলের প্রতিনিধিরা। সংসদের অধিবেশনে দলের ভূমিকা এবং সাংসদদের আসন বিন্যাস নিয়েও ওই বৈঠকে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, স্পিকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। তাঁর কথায়, সংসদে দলের সাংগঠনিক ও সংসদীয় অধিকার নিশ্চিত করার প্রক্রিয়া এগোচ্ছে এবং আসন্ন অধিবেশনে এনসিপিআই পূর্ণ শক্তিতেই অংশ নেবে।
উল্লেখযোগ্যভাবে, তৃণমূল কংগ্রেস ছেড়ে আসা ২০ জন সাংসদকে নিয়ে গঠিত এনসিপিআই এবার প্রথমবার লোকসভায় পৃথক দল হিসেবে বসতে চলেছে। এনডিএকে সমর্থনের সিদ্ধান্ত নেওয়ায় শাসক জোটের বেঞ্চের দিকেই তাদের আসন বরাদ্দ হতে পারে। তবে কোন সাংসদ কোথায় বসবেন, সেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলীয় নেতৃত্ব।
লোকসভায় পৃথক দল হিসেবে এনসিপিআইয়ের এই আত্মপ্রকাশ সংসদের অন্দরের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।



