ইদ-উল-আজহা উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুভেচ্ছাবার্তায় ভারত-বাংলাদেশ সম্পর্কের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে তিনি জানিয়েছেন, মানবতার স্বার্থে এবং দুই দেশের মানুষের কল্যাণে একসঙ্গে কাজ করতে আগ্রহী ভারত।
বৃহস্পতিবার বাংলাদেশের ভারতীয় দূতাবাসের তরফে প্রধানমন্ত্রী মোদির পাঠানো চিঠিটি প্রকাশ্যে আনা হয়। সেখানে ইদের শুভেচ্ছা জানিয়ে মোদি লেখেন, “এই পবিত্র উৎসব ভারতের সমৃদ্ধ ও বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। দেশের লক্ষ লক্ষ ইসলাম ধর্মাবলম্বী মানুষ অত্যন্ত উৎসাহ ও আনন্দের সঙ্গে এই উৎসব পালন করেন।”


প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, ইদ-উল-আজহা শুধু ধর্মীয় উৎসব নয়, ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের প্রতীক। তাঁর বক্তব্য, এই মূল্যবোধ গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
চিঠিতে ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়েও বিশেষ বার্তা দেন মোদি। তিনি লেখেন, “ত্যাগ, সাংস্কৃতিক সাদৃশ্য এবং শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের পারস্পরিক আকাঙ্ক্ষার উপর ভিত্তি করেই ভারত ও বাংলাদেশের গভীর সম্পর্ক গড়ে উঠেছে।”
বাংলাদেশ সরকারের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছাপ্রকাশও করেছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, “মানবতার স্বার্থে এবং দুই দেশের জনগণের কল্যাণে বাংলাদেশ সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করতে উন্মুখ ভারত।”


চিঠির শেষে তারেক রহমানের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনার পাশাপাশি বাংলাদেশের মানুষের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন নরেন্দ্র মোদি।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সাম্প্রতিক আঞ্চলিক ও কূটনৈতিক প্রেক্ষাপটে মোদির এই শুভেচ্ছাবার্তা ভারত-বাংলাদেশ সম্পর্ককে আরও মজবুত করার ইতিবাচক বার্তা হিসেবেই দেখা হচ্ছে।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



