‘মেলোডি’ নিয়েই মনোমালিন্য? আনফলো বিতর্কের মাঝেই মোদিকে ফের ফলো করলেন জর্জিয়া মেলোনি

ইনস্টাগ্রামে নরেন্দ্র মোদিকে আনফলো করেছেন জর্জিয়া মেলোনি— এমন জল্পনায় সরগরম হয়েছিল নেটদুনিয়া। তবে বিতর্কের মাঝেই ফের ফলো তালিকায় দেখা গেল মোদির নাম।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সম্পর্ক নিয়ে ফের জোর চর্চা শুরু হয়েছে সোশাল মিডিয়ায়। কয়েকদিন আগেই ‘মেলোডি’ মুহূর্ত ভাইরাল হয়েছিল, আর তার পরেই ইনস্টাগ্রামে মোদিকে আনফলো করার জল্পনা ঘিরে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে একের পর এক মিম। তবে বিতর্কের মাঝেই ফের মেলোনির ফলোয়িং তালিকায় দেখা গেল মোদির নাম।

নরেন্দ্র মোদি ও জর্জিয়া মেলোনির বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আন্তর্জাতিক কূটনীতির বাইরেও সোশাল মিডিয়ায় বহুবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে। একাধিক আন্তর্জাতিক মঞ্চে তাঁদের সেলফি এবং হাসিমুখের ছবি ভাইরাল হয়েছে। নেটিজেনদের দেওয়া নাম ‘মেলোডি’ ইতিমধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে।

সম্প্রতি ইটালি সফরে গিয়ে মেলোনির হাতে ভারতীয় জনপ্রিয় ‘মেলোডি’ চকোলেট তুলে দেন প্রধানমন্ত্রী মোদি। সেই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় বিভিন্ন সমাজমাধ্যমে। শুধু তাই নয়, বাজারেও তার প্রভাব পড়ে বলে দাবি নেটিজেনদের একাংশের। মেলোডি চকোলেটের বিক্রি বাড়ার পাশাপাশি প্রস্তুতকারক সংস্থা পার্লের শেয়ারদর নিয়েও আলোচনা শুরু হয়।

কিন্তু সফরের কয়েকদিন পরেই আচমকা নতুন বিতর্ক। মঙ্গলবার অনেকেই লক্ষ্য করেন, জর্জিয়া মেলোনির ইনস্টাগ্রাম ফলোয়িং তালিকায় নেই নরেন্দ্র মোদির নাম। অথচ অন্যান্য রাষ্ট্রনেতাদের তিনি ফলো করছেন। সেই স্ক্রিনশট ঘিরেই শুরু হয় জোর জল্পনা।

সোশাল মিডিয়ায় মুহূর্তে ছড়িয়ে পড়ে নানা মিম এবং কটাক্ষ। কেউ লেখেন, “মেলোডি পেলেন, কিন্তু মোদিকে আনফলো করলেন!” যদিও আদৌ তিনি আগে মোদিকে ফলো করতেন কিনা, তা নিয়ে স্পষ্ট তথ্য সামনে আসেনি।

তবে বৃহস্পতিবার সকালে ছবিটা আবার বদলে যায়। ইনস্টাগ্রামে জর্জিয়া মেলোনির ফলোয়িং তালিকায় ফের দেখা যায় নরেন্দ্র মোদির অ্যাকাউন্ট। এরপরই নতুন করে আলোচনা শুরু হয়— এটা কি প্রযুক্তিগত ত্রুটি ছিল, নাকি সাময়িক কোনও গণ্ডগোল?

অনেকের মতে, সম্প্রতি ইনস্টাগ্রামে প্রযুক্তিগত সমস্যার কারণে একাধিক পরিচিত ব্যক্তির অ্যাকাউন্টেও বিভ্রাট দেখা গিয়েছিল। সেই কারণেই হয়তো মেলোনির ফলো তালিকায় সাময়িক পরিবর্তন হয়েছিল। যদিও গোটা বিষয়টি নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেননি দুই দেশের কোনও পক্ষই। উল্লেখ্য, নরেন্দ্র মোদি নিজে ইনস্টাগ্রামে কাউকে ফলো করেন না। বর্তমানে তাঁর ফলোয়ার সংখ্যা ১০ কোটিরও বেশি, অন্যদিকে জর্জিয়া মেলোনির ফলোয়ার প্রায় ৬৪ লক্ষ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

আরও খবর