কোমরে দড়ি বেঁধে তৃণমূল নেতাকে রাস্তায় ঘোরাল পুলিশ, বীজপুরে উঠল ‘চোর’ স্লোগান

তোলাবাজি ও বেআইনি অস্ত্র রাখার অভিযোগে ধৃত তৃণমূল যুব নেতা বনিকে কোমরে দড়ি বেঁধে বীজপুরে ঘোরাল পুলিশ, উঠল ‘চোর’ স্লোগান।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

এবার বীজপুরে ধৃত তৃণমূল যুব নেতাকে কোমরে দড়ি বেঁধে রাস্তায় ঘোরানোকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। গায়ে স্যান্ডো গেঞ্জি ও হাফ প্যান্ট পরা অবস্থায় পুলিশি হেফাজতে এলাকায় ঘোরানো হয় অভিজিৎ রায় ওরফে বনিকে। ঘটনাস্থলে ভিড় জমে যায় স্থানীয়দের। সেই সময় ধৃত নেতাকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগানও ওঠে।

অভিজিৎ রায়, এলাকায় ‘বনি’ নামেই পরিচিত। বীজপুর অঞ্চলে তিনি তৃণমূলের যুব নেতা হিসেবে পরিচিত ছিলেন। কিছুদিন আগে মন্দারমণি থেকে তাঁকে গ্রেপ্তার করে বীজপুর থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে তোলাবাজি ও বেআইনি অস্ত্র রাখার অভিযোগ রয়েছে। বর্তমানে ব্যারাকপুর আদালতের নির্দেশে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

পুলিশ সূত্রে খবর, তদন্তের স্বার্থে বনিকে কাঁচরাপাড়ার বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে। গত সোমবার তাঁকে রেল পুলিশের কোয়ার্টার ও নবীন পল্লি এলাকায় নিয়ে যাওয়া হয়েছিল। বৃহস্পতিবার বীজপুর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডেও নিয়ে যাওয়া হয়।

যদিও পুলিশের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন বনি। তাঁর দাবি, “যারা চুরি করেছে তারা পালিয়ে গিয়েছে। আমি চুরি করিনি বলেই এখনও এখানে আছি।”

স্থানীয়দের অভিযোগ, ২০২৩ সাল থেকে এলাকায় বনির প্রভাব বাড়তে শুরু করে। অভিযোগ, রেল পুলিশের কোয়ার্টার দখল করে সেটিকেই নিজের আস্তানা বানিয়েছিলেন তিনি। কে সেখানে থাকবেন বা ঘর পাবেন, সেই সিদ্ধান্তও তাঁর নির্দেশেই হত বলে দাবি স্থানীয়দের।

এলাকাবাসীর একাংশের আরও অভিযোগ, ওই এলাকায় অসামাজিক কাজকর্ম চলত। বেআইনিভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে এসি, ফ্রিজ চালানোর অভিযোগও উঠেছে বনির বিরুদ্ধে।

গত লোকসভা নির্বাচনের সময় বিজেপি নেতা তথা বর্তমান নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিংয়ের সঙ্গে বনির বচসার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। সেই ঘটনায় অর্জুনকে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগও উঠেছিল বনির বিরুদ্ধে।

বৃহস্পতিবার পুলিশ বনিকে রাস্তায় নিয়ে আসতেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ ফেটে পড়ে। অনেকেই প্রকাশ্যে তাঁর বিরুদ্ধে স্লোগান দেন। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে বনির দাপটে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল। পুলিশের এই পদক্ষেপে তাঁরা স্বস্তি পেয়েছেন।

প্রসঙ্গত, এর আগেও হাওড়া ও মহেশতলায় ধৃত তৃণমূল নেতাদের কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরানোর ঘটনা সামনে এসেছিল। এবার সেই তালিকায় যুক্ত হল বীজপুরের ঘটনাও।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

আরও খবর