এই মুহুর্তের সব থেকে বড় খবর, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন মহম্মদ ইউনুস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ-জামান জানিয়েছেন, বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হবে। এখন সেই সরকারের প্রধান কে হবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। একাধিক অরাজনৈতিক ব্যক্তির নাম তাতে সামনে আসছে। সবচেয়ে বেশি চর্চায় আসছে মহম্মদ ইউনুসের নাম।
সূত্রের দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন মহম্মদ ইউনুস। এছাড়াও সরকারে থাকতে পারেন বাংলাদেশ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর ডঃ সালেহউদ্দিন আহমেদ, বিজিবির প্রাক্তন ডিজি লেফটেনেন্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) জাহাঙ্গির আলম চৌধুরী। আরও থাকতে পারেন ডঃ মঞ্জুর আহমেদ ও প্রাক্তন পুলিশ কর্তা নুরুল হুদা।
অন্যদিকে, দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছিলেন খালেদা জিয়া। সেই বিএনপি নেত্রী খালেদা জিয়াকে অবিলম্বে জেলমুক্তি নির্দেশ দিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি। চলমান সার্বিক পরিস্থিতিতে দেশের সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। পাশাপাশি প্রধানমন্ত্রীর পদ থেকে সদ্য পদত্যাগ করা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় জানিয়েছেন, তাঁর মা আর রাজনীতিতে ফিরবেন না।









