বাংলাদেশে ভয়াবহ দুর্ঘটনা—পদ্মা নদীতে যাত্রীবোঝাই বাস পড়ে গিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৩। এখনও নিখোঁজ বহু যাত্রী। দৌলতদিয়া ফেরিঘাটে ঘটে যাওয়া এই দুর্ঘটনার মুহূর্তের একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, যা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা।
বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ঢাকাগামী একটি বাস দৌলতদিয়ার তিন নম্বর ঘাটে দাঁড়িয়ে ছিল। হঠাৎই একটি বড় ফেরি এসে ঘাটের পন্টুনে ধাক্কা মারে। ধাক্কার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সরাসরি নদীতে পড়ে যায়। মুহূর্তের মধ্যে চারদিকে চিৎকার ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী। ডুবুরিদের নামিয়ে শুরু হয় উদ্ধার অভিযান। দীর্ঘ ছয় ঘণ্টার চেষ্টার পর অবশেষে বাসটিকে নদী থেকে তোলা সম্ভব হয়। এখনও পর্যন্ত ২৩ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। তবে কয়েকজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেলেও, এখনও বহু যাত্রী নিখোঁজ রয়েছেন।
উদ্ধারকাজে বড় বাধা হয়ে দাঁড়ায় খারাপ আবহাওয়া। ঝড়-বৃষ্টি বার বার কাজে বিঘ্ন ঘটায়। রাতভর অভিযান চলার পর বৃহস্পতিবার সকাল থেকে ফের জোরকদমে তল্লাশি শুরু হয়েছে। দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক জানিয়েছেন, নিখোঁজদের খোঁজে অভিযান চালিয়ে যাওয়া হচ্ছে।
এদিকে কীভাবে ফেরিটি পন্টুনে ধাক্কা মারল এবং কী কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা এখনও আনুষ্ঠানিকভাবে যাচাই করা হয়নি।



