নজরবন্দি ব্যুরো: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বেনজির আক্রমণ করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। রবিবার দিল্লিতে আম আদমি পার্টির র্যালিতে উপস্থিত ছিলেন তিনি। সেখানেই লোকসভা নির্বাচন নিয়ে মোদীকে নিশানায় আনেন আপ মুখ্যমন্ত্রী। এদিকে দিল্লির আপ সরকার আমলাদের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখার জন্য কেন্দ্রের অধ্যাদেশের বিরুদ্ধে সমর্থন আদায় করতে তৎপর। এরইমধ্যে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্য আপ-বিজেপি সংঘাত জোরাল করল বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।
আরও পড়ুন: পুলিশের ক্ষমতা নেই গণ্ডগোল আটকানোর, পঞ্চায়েতের আগে ‘অশনি সংকেত’ দিলীপের মুখে
ভগবন্ত মান এদিন র্যালিতে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর সরকারকে আক্রমণ করে বলেন, “২০২৪-এর নির্বাচনে বিজেপি জিতলে নরেন্দ্র মোদী নরেন্দ্র পুতিন হয়ে যাবেন। বিজেপি নেতারা এখনই মোদীকে ভারতের মালিক ভাবতে শুরু করেছেন। যদি ১৪০ কোটি মানুষ ভারতকে বাঁচাতে চায় তাহলেই একমাত্র দেশ সুরক্ষিত হবে।”

রবিবার আম আদমি পার্টি কেন্দ্রের অধ্যাদেশের বিরোধিতায় দিল্লিরর রামলীলা ময়দানে এক মহা র্যালির আয়োজন করে। দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল, ভগবন্ত মান, মন্ত্রী গোপাল রায়, আপ সাংসদ সঞ্জয় সিং সহ অনেকেই উপস্থিত ছিলেন। আপ সরকার দিল্লির সাধারণ মানুষের ভালোর জন্য অধ্যাদেশ তুলে নেওয়ার দাবি জানায়। দিল্লির মুখ্যমন্ত্রী আমজনতাকে এই মহা র্যালিতে যোগদানের আবেদন জানিয়েছেন।

উল্লেখ্য, কেন্দ্রের অধ্যাদেশের বিরুদ্ধে সমর্থন আদায় করতে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে দেখা করেছেন অরবিন্দ কেজরিওয়াল। গত মাসেই কলকাতা সফরে এসে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। এরপর মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, এনসিপি সভাপতি শরদ পাওয়ার, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের সঙ্গে দেখা করেন। এঁরা সকলেই কেজরিওয়ালকে সমর্থন করার আশ্বাস দিয়েছেন। এবার দিল্লির সাধারণ মানুষের সমর্থন চাইছে আপ সরকার।
মোদী থেকে নরেন্দ্র পুতিন হয়ে যাবে, মোদীকে কটাক্ষ ভগবন্ত মানের




