‘আপনারা আমাদের ভোট দিন, আমরা আপনাদের স্বাধীনতা দেব’! ঠাকুরনগরে আবেদন মোদীর

ঠাকুরনগরের সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে তীব্র আক্রমণ মোদীর, নারী নিরাপত্তা, শিল্প ও দুর্নীতি ইস্যু তুলে বিজেপির পক্ষে ভোট চাইলেন প্রধানমন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দ্বিতীয় দফার ভোটের আগে ঠাকুরনগরের জনসভা থেকে তীব্র রাজনৈতিক বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেতাজি সুভাষচন্দ্র বসুর বিখ্যাত আহ্বান উদ্ধৃত করে তিনি ভোটারদের উদ্দেশে বলেন, “আপনারা আমাদের ভোট দিন, আমরা আপনাদের স্বাধীনতা দেব।” তৃণমূল সরকারের বিরুদ্ধে ‘জঙ্গলরাজ’, দুর্নীতি ও নারী নিরাপত্তা ইস্যু তুলে ধরে বিজেপির পক্ষে ভোট চাইলেন তিনি।

রবিবার ঠাকুরনগরের সভামঞ্চে উঠে মোদী প্রথমেই ঠাকুরবাড়ি মন্দিরে পুজো দেওয়ার অভিজ্ঞতার কথা স্মরণ করেন। শ্রী হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর ও বড়মার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি মতুয়া সম্প্রদায়ের সঙ্গে তাঁর আবেগঘন সম্পর্কের কথাও তুলে ধরেন।

এরপরেই রাজনৈতিক আক্রমণে তীব্র হন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, তৃণমূল সরকারের আমলে রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হয়েছে এবং সাধারণ মানুষ, বিশেষ করে মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। সন্দেশখালির ঘটনার উল্লেখ করে তিনি বলেন, “অত্যাচারীদের আর রেহাই দেওয়া হবে না। ৪ মে-র পর বিজেপি সরকার হিসাব নেবে।”

আরজিকর কান্ড টেনে মোদী বলেন, “বিজেপি বোনদের সুযোগও করে দেয়। সন্দেশখালিতে লড়াই করেছিলেন যে মহিলারা, তাঁদের এক জনকে বিজেপি টিকিট দিয়েছিল। আরজি করে যে চিকিৎসকের হত্যা হয়েছে, তাঁর মাকে টিকিট দিয়েছে বিজেপি। এটা বাংলার মেয়েদের সুরক্ষার প্রতি বিজেপির দায়বদ্ধতা। নতুন বিজেপি সরকার মহিলাদের সুবিধা দেবে।”

শিল্প ও কর্মসংস্থানের প্রসঙ্গ টেনে মোদী দাবি করেন, একসময় হুগলি নদীর দুই পারে যে শিল্পাঞ্চল ছিল, আজ তা বন্ধ হয়ে যাচ্ছে। পাট শিল্পের উন্নয়নে কেন্দ্রের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, বিজেপি কৃষক ও শ্রমিকদের পাশে রয়েছে, কিন্তু রাজ্যে শিল্প চালানোর পরিবেশ নেই।

তৃণমূলের বিরুদ্ধে ‘মা-মাটি-মানুষ’ স্লোগান থেকে সরে যাওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, এই স্লোগান এখন আর শোনা যায় না, কারণ বাস্তব চিত্র তার উল্টো। তাঁর বক্তব্য, “মা কাঁদছে, মাটি দখল হয়ে যাচ্ছে, মানুষ ঘরছাড়া।”

সভা থেকে বিজেপি প্রার্থীদের জেতানোর আহ্বান জানিয়ে মোদী বলেন, প্রথম দফার ভোটেই পরিবর্তনের ইঙ্গিত মিলেছে এবং দ্বিতীয় দফায় তা আরও স্পষ্ট হবে। তিনি কর্মীদের বুথে শক্তি বাড়ানোর আহ্বান জানান।

সবশেষে নেতাজির ঐতিহাসিক আহ্বান স্মরণ করিয়ে মোদী বলেন, বাংলার উন্নয়ন ও পরিবর্তনের জন্য এবার সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। তাঁর বার্তা স্পষ্ট—“অত্যাচার, ভয় ও দুর্নীতির অবসান চাইলে বিজেপিকেই বেছে নিতে হবে।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত