মোবাইল ডেটায় নতুন কর বসাতে পারে মোদী সরকার! প্রতি জিবিতে বাড়তে পারে খরচ

মোবাইল ডেটা ব্যবহারের উপর নতুন কর বসানোর সম্ভাবনা খতিয়ে দেখছে কেন্দ্র। প্রতি জিবি ডেটায় ১ টাকা অতিরিক্ত কর আরোপের প্রস্তাব ঘিরে জল্পনা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ডিজিটাল ইন্ডিয়ার যুগে মোবাইল ইন্টারনেটই এখন কোটি কোটি মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। কিন্তু শিগগিরই সেই ডেটা ব্যবহারের খরচ বাড়তে পারে বলে জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, মোবাইল ডেটার উপর অতিরিক্ত কর বসানোর সম্ভাবনা খতিয়ে দেখছে কেন্দ্রীয় সরকার। যদি সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়, তবে প্রতি জিবি ডেটা ব্যবহারে গ্রাহকদের অতিরিক্ত টাকা গুনতে হতে পারে।

সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মোবাইল ডেটা ব্যবহারের উপর নতুন কর আরোপের বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যালোচনা করছে Ministry of Information and Broadcasting। একটি টেলিকম সংক্রান্ত রিভিউ বৈঠকে এই বিষয়টি সামনে আসে বলে দাবি করা হয়েছে। এরপরই কেন্দ্রীয় স্তরে এই কর চালু করা সম্ভব কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে খবর।

প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, এই প্রস্তাব কার্যকর হলে মোবাইল ডেটা ব্যবহারের ক্ষেত্রে প্রতি জিবি ডেটায় প্রায় ১ টাকা করে অতিরিক্ত কর বসানো হতে পারে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে প্রস্তাবটি কার্যকর হলে মোবাইল ব্যবহারকারীদের ইন্টারনেট খরচ উল্লেখযোগ্য ভাবে বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

বর্তমানে মোবাইল রিচার্জ ও পোস্টপেইড বিলের উপর ১৮ শতাংশ হারে জিএসটি নেয় কেন্দ্রীয় সরকার। তার উপর যদি আলাদা করে ডেটা ব্যবহারের কর আরোপ করা হয়, তাহলে মোট খরচ আরও বৃদ্ধি পেতে পারে।

সূত্রের দাবি, এই ধরনের কর চালু করা হলে সরকারের রাজস্ব আয় উল্লেখযোগ্য ভাবে বাড়তে পারে। অনুমান করা হচ্ছে, এর মাধ্যমে প্রায় ২২,৯০০ কোটি টাকা পর্যন্ত রাজস্ব সংগ্রহ সম্ভব হতে পারে।

তবে এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে মোবাইল ডেটার উপর নতুন কর বসানো হবে কি না, তা নিয়ে জল্পনা আপাতত অব্যাহত রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত