স্কুলে এবার বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’! বড় সিদ্ধান্ত শিক্ষা দফতরের

রাজ্যের স্কুলগুলিতে প্রার্থনার সময় এবার বাধ্যতামূলক ‘বন্দে মাতরম’। প্রধান শিক্ষকদের নির্দেশ পাঠাল শিক্ষা দফতর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্যে সরকার বদলের পর শিক্ষা ক্ষেত্রেও শুরু হল বড় পরিবর্তন। বুধবার থেকেই রাজ্যের স্কুলগুলিতে প্রার্থনার সময় বাধ্যতামূলক ভাবে গাইতে হবে ‘বন্দে মাতরম’। এই মর্মে প্রধান শিক্ষকদের কাছে নির্দেশিকা পাঠিয়েছে শিক্ষা দফতর। শুধু জাতীয় সংগীত ‘জনগণমন’ নয়, এবার থেকে রাষ্ট্রীয় গীত ‘বন্দে মাতরম’ গাওয়া হয়েছে কি না, সেই রিপোর্টও স্কুলগুলিকে দফতরে জানাতে হবে। নতুন সরকারের এই সিদ্ধান্ত ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক ও শিক্ষামহলে জোর আলোচনা।

শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে রাজ্যের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের কাছে এই নির্দেশ পৌঁছে দেওয়া হয়। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, প্রতিদিনের প্রার্থনার সময় জাতীয় সংগীতের পাশাপাশি ‘বন্দে মাতরম’ গাইতে হবে পড়ুয়াদের।

প্রসঙ্গত, পূর্বতন তৃণমূল সরকার স্কুলগুলিতে প্রার্থনার সময় রাজ্য সংগীত হিসেবে বাংলার মাটি বাংলার জল গাওয়ার নির্দেশ দিয়েছিল। রবি ঠাকুরের লেখা এই গানকে ২০২৩ সালে পশ্চিমবঙ্গের রাজ্য সংগীতের মর্যাদা দেওয়া হয়েছিল।

তবে নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর শিক্ষা দফতরের এই নতুন সিদ্ধান্তে পরিস্থিতি বদলেছে। যদিও এখনও পর্যন্ত রাজ্য সংগীত প্রার্থনায় থাকবে কি না, সে বিষয়ে সরকার আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ফলে আপাতত বহু স্কুলেই প্রার্থনার সময় তিনটি গান—‘জনগণমন’, ‘বন্দে মাতরম’ এবং ‘বাংলার মাটি বাংলার জল’—গাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ‘বন্দে মাতরম’ নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছিল। সেই নির্দেশে বলা হয়েছিল, গানটির ছয়টি স্তবকই গাইতে হবে। পাশাপাশি ‘বন্দে মাতরম’ গাওয়া বা বাজানোর সময় শ্রোতাদের দাঁড়িয়ে সম্মান জানানোর কথাও উল্লেখ করা হয়।

এছাড়াও কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছিল, যদি ‘বন্দে মাতরম’ এবং জাতীয় সংগীত ‘জনগণমন’ একসঙ্গে গাওয়া হয়, তবে প্রথমে গাওয়া হবে ‘বন্দে মাতরম’।

সম্প্রতি মোদীর মন্ত্রিসভাও একটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে অনুমোদন দিয়েছে। সেখানে ‘বন্দে মাতরম’-কে জাতীয় সংগীতের সমমর্যাদা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে বলে সূত্রের খবর।

নতুন নির্দেশ কার্যকর হওয়ার পর রাজ্যের স্কুলগুলিতে প্রার্থনার ধরনে বড় পরিবর্তন আসতে চলেছে বলেই মনে করছে শিক্ষা মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর