আর গুনতে হবেনা টাকা! অবৈধ টোলগেট নিয়ে বড় সিদ্ধান্ত, নির্দেশিকা জারি রাজ্য সরকারের

রাজ্যজুড়ে অবৈধ টোলগেট, ড্রপগেট ও কালেকশন পয়েন্ট সরাতে কড়া নির্দেশ; ১৫ মে-র মধ্যে বৈধ টোলের পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিতে বলল নবান্ন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্যজুড়ে অবৈধ টোল আদায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ—সব বেআইনি টোলপ্লাজ়া, ড্রপগেট ও কালেকশন পয়েন্ট দ্রুত সরানোর নির্দেশ দিল নবান্ন। নতুন মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল-এর দপ্তর থেকে জারি হওয়া নির্দেশিকায় স্পষ্ট, যাত্রীদের থেকে জোর করে টাকা আদায়ের দিন এবার শেষ করতে চায় প্রশাসন।

মঙ্গলবার রাতে জারি হওয়া বিজ্ঞপ্তিতে রাজ্যের সমস্ত জেলাশাসকদের উদ্দেশে কড়া নির্দেশ দেওয়া হয়েছে—নিজ নিজ জেলায় থাকা সব অবৈধ টোলগেট, ব্যারিকেড, ড্রপগেট বা যেকোনও ধরনের অননুমোদিত কালেকশন পয়েন্ট দ্রুত চিহ্নিত করে সরাতে হবে। শুধু অপসারণই নয়, ভবিষ্যতে যাতে নতুন করে এমন কোনও বেআইনি টোল ব্যবস্থা গড়ে না ওঠে, তাও নিশ্চিত করতে বলা হয়েছে প্রশাসনকে।

সরকারি সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বিভিন্ন এলাকায় অভিযোগ উঠছিল, রাস্তার ধারে বা নির্দিষ্ট প্রবেশপথে বেআইনি টোল বসিয়ে যাত্রীদের কাছ থেকে টাকা তোলা হচ্ছে। এই প্রেক্ষাপটেই কঠোর অবস্থান নিয়েছে রাজ্য সরকার।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, কোনও অবৈধ টোলগেট থেকে যাতে এক টাকাও আদায় না হয়, সে বিষয়ে সরাসরি নজরদারির দায়িত্ব থাকছে জেলাশাসকদের ওপর। প্রয়োজনে স্থানীয় প্রশাসন ও পুলিশকে সঙ্গে নিয়ে তা বন্ধ করতে হবে।

একইসঙ্গে রাজ্যের বৈধ টোলব্যবস্থার পূর্ণাঙ্গ তথ্যও চেয়েছে মুখ্যসচিবের দপ্তর। প্রতিটি জেলায় কতগুলি অনুমোদিত টোলগেট রয়েছে, সেগুলি কারা পরিচালনা করছে, এবং টেন্ডারের মেয়াদ কতদিন—এই সমস্ত তথ্য বিস্তারিতভাবে জমা দিতে বলা হয়েছে।

শুধু টোলগেট নয়, অনুমোদিত কালেকশন পয়েন্টের সংখ্যাও জানাতে হবে রিপোর্টে। প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

নির্দেশ অনুযায়ী, আগামী ১৫ মে দুপুর ১২টার মধ্যে এই সংক্রান্ত সমস্ত তথ্য ও অগ্রগতির রিপোর্ট জমা দিতে হবে মুখ্যসচিবের দপ্তরে। নির্ধারিত সময়ের মধ্যে রিপোর্ট না এলে সংশ্লিষ্ট জেলার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।

সব মিলিয়ে, পরিবহণ ব্যবস্থায় স্বচ্ছতা ও সাধারণ মানুষের স্বস্তি ফেরাতে রাজ্য সরকারের এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত