নতুন সরকারের শুরুতেই প্রশাসনে বড় বার্তা—রাজনীতি নয়, নিয়মই হবে একমাত্র পথ। নবান্নে প্রথম বৈঠকেই আমলাদের উদ্দেশে স্পষ্ট নির্দেশ দিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল। তাঁর সাফ কথা, “শিরদাঁড়া সোজা রেখে কাজ করুন”—যা কার্যত প্রশাসনিক কাঠামোয় পেশাদারিত্ব ফেরানোর রূপরেখা হিসেবে দেখা হচ্ছে।
মঙ্গলবার সব দফতরের সচিবদের নিয়ে বৈঠকে মনোজ আগরওয়াল জানান, আইএএস আধিকারিকদের নিজেদের দায়িত্ব অনুযায়ী নিরপেক্ষভাবে কাজ করতে হবে। কোনও চাপের কাছে নতি স্বীকার না করে নিয়ম মেনেই প্রশাসনিক সিদ্ধান্ত নিতে হবে—এই বার্তাই তিনি দেন।


একইসঙ্গে তিনি নির্দেশ দেন, দীর্ঘদিন ধরে থমকে থাকা কেন্দ্রীয় প্রকল্পগুলি দ্রুত বাস্তবায়ন করতে হবে। বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতিগুলিও বাস্তবায়নের জন্য প্রতিটি দফতরকে দ্রুত পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জেলা প্রশাসনের কাছে কঠোর বার্তা পাঠিয়েছেন। গরু পাচার, কয়লা ও বালি চুরি রুখতে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি সিন্ডিকেট রাজ, তোলাবাজি এবং সরকারি জমি দখলের মতো অভিযোগে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে প্রশাসনকে।
প্রশাসনিক মহলের মতে, নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই আমলাতন্ত্রকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার চেষ্টা শুরু হয়েছে। মুখ্যসচিবের ‘শিরদাঁড়া’ মন্তব্য এবং মুখ্যমন্ত্রীর দুর্নীতিবিরোধী অবস্থান—এই দুই মিলিয়ে স্পষ্ট বার্তা, কাজ হবে কেবল আইনের ভিত্তিতে।


উল্লেখ্য, এর আগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে দায়িত্ব সামলেছেন মনোজ আগরওয়াল। নির্বাচনের সময় তাঁর ভূমিকা নিয়েও ইতিবাচক আলোচনা ছিল। সেই অভিজ্ঞতাকেই কাজে লাগিয়ে এবার প্রশাসনের শীর্ষ পদে দায়িত্ব পেলেন তিনি। পাশাপাশি, অবসরপ্রাপ্ত আমলা সুব্রত গুপ্তকেও মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে আনা হয়েছে।







