প্রথম প্রশাসনিক বৈঠকেই বদলের ইঙ্গিত? নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে শীর্ষ আমলাদের বৈঠকে তাঁর ঠিক পাশে দেখা গেল সিনিয়র আইএএস অফিসার মনোজ আগরওয়ালকে—আর তাতেই জোর জল্পনা শুরু প্রশাসনিক মহলে।
সোমবার নবান্নে নতুন সরকারের প্রথম উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব-সহ রাজ্যের শীর্ষ আমলারা। সেই বৈঠকেই মুখ্য নির্বাচন আধিকারিক হিসেবে দায়িত্বে থাকা মনোজ আগরওয়ালের উপস্থিতি এবং তাঁর আসন বিন্যাস নজর কেড়েছে। মুখ্যমন্ত্রীর বাঁ পাশে তাঁকে বসতে দেখা যায়, যা প্রশাসনিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
নবান্নে শীর্ষ আমলাদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রীর পাশে মনোজ—এবার কি মুখ্যসচিবের ভূমিকায়?

এর আগেই অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রত গুপ্তকে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে। ভোট চলাকালীন তিনি নির্বাচন পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন। ফলে প্রশাসনের অন্দরে নতুন করে সমীকরণ বদলের ইঙ্গিত মিলছিলই। তারই মাঝে মনোজ আগরওয়ালের এই ‘প্রমিনেন্ট’ উপস্থিতি জল্পনাকে আরও উসকে দিয়েছে।
সূত্রের খবর, আগামী দিনে প্রশাসনিক শীর্ষপদে বড় পরিবর্তন হতে পারে। বিশেষ করে মুখ্যসচিব পদে রদবদলের সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়েছে। সেই তালিকায় মনোজ আগরওয়ালের নাম ঘুরে বেড়াচ্ছে বলেই খবর।
যদিও সরকারিভাবে এ বিষয়ে কোনও ঘোষণা হয়নি, তবু প্রথম বৈঠকের এই দৃশ্য প্রশাসনিক অন্দরে কৌতূহল বাড়িয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নতুন সরকার শুরুতেই নিজের ‘টিম’ গড়ে তুলতে চাইছে এবং সেই প্রক্রিয়াই ধীরে ধীরে সামনে আসছে।



