নজরবন্দি ব্যুরোঃ অভিনেতা মিঠুন চক্রবর্তী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মঞ্চ থেকে ভারতীয় জনতা পার্টির যোগদানের পর থেকেই বিজেপির প্রচারে নিয়মিত দেখা গিয়েছে।কখনও বিজেপি প্রার্থীর সমর্থনে সভা করছেন তো কখনও আবার রোড শো।
রবিবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জের চণ্ডীতলা থেকে পাঁচ কিলোমিটার রোড-শো করার কথা ছিল মিঠুন চক্রবর্তীর। নির্দিষ্ট সময়েই সেখানে পৌঁছন তিনি। তবে রায়গঞ্জ রোড শো চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন মিঠুন চক্রবর্তী। আচমকাই অসুস্থ হয়ে পড়ায় অভিনেতাকে তড়িঘড়ি কলকাতায় নিয়ে আসা হয়েছে।


তবে মিঠুন চক্রবর্তী এদিন রোড শোতে গেলেও হুড খোলা গাড়িতে অসুস্থতার জন্য প্রথমে উঠতে চাননি। কিন্তু দলের প্রার্থী ও কর্মীদের আবদারেই গাড়িতে উঠতেই কিছুটা যাওয়ার পর আচমকাই অসুস্থ হয়ে পড়েন। তারপরেই তাঁকে দ্রুত গাড়ি থেকে নামিয়ে হেলিপ্যাডে নিয়ে যাওয়া হয়, সেখান থেকেই হেলিকপ্টারে করে কলকাতায় আনা হয়েছে মিঠুনকে।
এদিন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী রায়গঞ্জে মিঠুনের রোড শোতে উপস্থিত ছিলেন। মিঠুনের আচমকা অসুস্থ হওয়ার জন্য উদ্বিগ্ন বিজেপি নেতৃত্ব থেকে অনুরাগীরা। এর আগেও অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন মিঠুন। কিন্তু এবার এই দাবদাহের মাঝে লাগাতার বিজেপি প্রার্থীদের জন্য প্রচারে এসে অসুস্থ হয়েছেন বলেই মত রাজনৈতিক মহলের।
মহাগুরুর অসুস্থতার খবর পাওয়ার পর বিজেপি নেতৃত্বের একাংশের প্রশ্ন, ‘মিঠুন অসুস্থ জানা সত্বেও কেন হুড খোলা গাড়িতে তোলার জন্য জোর দেওয়া হয়?’সূত্রের খবর, মিঠুন চক্রবর্তীকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।









