নজরবন্দি ব্যুরোঃ মঙ্গলবার রাতেই গরু পাচার মামলায় গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলের হিসেবরক্ষক মণীশ কোঠারিকে। বুধবার তাঁকে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে পেশ করে ইডি জানায়, মণীশ কোঠারি সবটা জানে। এরপরেই ৬ দিনের হেফাজতে নেওয়ার নির্দেশ দেয় আদালত। সংবাদ মাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়লেন কেষ্টর হিসেবরক্ষক। ধরা ধরা গলায় বললেন, ‘আমি কিচ্ছু করিনি। আমি একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। এটাই আমার ভুল।’


গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ যে সমস্ত ব্যক্তিদের ইডি জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন মণীশ কোঠারি। গতকাল প্রায় সাড়ে ৯ ঘন্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরেই মণীশের থেকে উত্তরে সন্তুষ্ট না হয়ে গ্রেফতার করে ইডি। আজ আদালতে পেশ করা হুলে মণীশকে ছয় দিনের হেফাজতে নেওয়ার নির্দেশ দেয় দিল্লির বিশেষ আদালত।

আদালতে ইডি তরফে জানানো হয়, মণীশ অনুব্রতর হয়ে টাকা নিয়েছেন, সেই অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। মণীশ সবকিছু জানেন বলেও দাবি করেছে কেন্দ্রীয় সংস্থা। অন্যদিকে, মণীশের আইনজীবী দাবি করেন, তাঁর মক্কেলের সদ্য অস্ত্রোপচার হয়েছে। শারীরিক অসুস্থতা রয়েছে। এছাড়া, মণীশ জিজ্ঞাসাবাদে সহযোগিতা করেছেন বলেও দাবি করেন তিনি। আদালত নির্দেশ দিয়েছে, হেফাজতে থাকাকালীন প্রতিদিন ৩০ মিনিট বরাদ্দ হবে তাঁর শারীরিক পরীক্ষার জন্য।
কান্নায় ভেঙে পড়লেন কেষ্টর হিসেবরক্ষক, আরও চাপ বাড়াচ্ছে ইডি

অনুব্রত মণ্ডলের সম্পত্তি গত কয়েক বছরে রকেটের গতিতে বৃদ্ধি পেয়েছে। সেই সম্পত্তির সমস্ত হিসেব মণীশের জানা রয়েছে। এমনটাই মনে করছে তদন্তকারী সংস্থা। এদিন আদালতের নির্দেশের পরেই কান্নায় ভেঙে পড়েন মণীশ। আগামী দিনে তাঁকে অনুব্রত মণ্ডলের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এমনটাই খবর ইডি সূত্রে।









