নজরবন্দি ব্যুরোঃ শপথ নিয়েই নিজের টিমের ‘কামব্যাক’, বীরেন্দ্র-জাভেদ শামিমকে পুরনো পদে বহাল মমতার। নির্বাচনী বিধি লাগু হতেই মমতা প্রশাসনের কোর টিমের অন্যতম পুলিশ প্রশাসকদের সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী তখনই বলেছিলেন ক্ষমতায় ফিরলেই আবার তাদের পুনর্বহাল করবেন তিনি। কথা দিয়ে কথা রাখলেন। আজ রাজভবনে শপথ গ্রহনের পরেই পরপর দুটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। প্রথমটি করোনা মোকাবিলা সংক্রান্ত।
আরও পড়ুনঃ পদ্মফুল ছেড়ে ফের ঘাসফুলে ফিরছেন রাজীব? জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে।


আর দ্বিতীয়টি পুলিশ প্রশাসনকেন্দ্রিক। যে বৈঠকে তাঁর পুরনো খেলোয়াড়দের ফিরিয়ে আনার সাথেই পুলিশ প্রশাসনে একাধিক রদবদল করলেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত গত ২৮ শে ফেব্রুয়ারি ভোটের দিন ঘোষণা হতেই ADG আইনশৃঙ্খলা পদ থেকে জাভেদ শামিমকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। তাঁর জায়গায় ওই পদে দায়িত্ব দেওয়া হয় দমকলের ডিজি জগমোহনকে। এছারা এক বিজ্ঞপ্তিতে গত ৯ মার্চ বীরেন্দ্রকে সরিয়ে কমিশন নির্দেশ দেয় বীরেন্দ্রকে এমন কোনও পদে রাখা যাবে না, যা নির্বাচনের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত। তাঁর স্থলাভিষিক্ত করা হয় নীরজনয়ন পান্ডেকে। বিজেপির অভিযোগের ভিত্তিতেই তাঁকে পদ থেকে সরায় কমিশন। মমতা ফিরতেই দুই দাপুটে পুলিশ অফিসারের প্রত্যাবর্তন ঘটল তাদের পুরনো পদে। বীরেন্দ্রকে নিজের পুরনো পদে ফিরিয়ে এনে এদিন নতুন নির্দেশে নীরজনয়নকে ফায়ার সার্ভিসের দায়িত্বে পাঠানো হয়েছে। অন্যদিকে ফিরলেন জাভেদ শামিমও।
বুধবারই এডিজি আইনশৃঙ্খলা পদে ফিরিয়ে আনা হল জাভেদকে, আর যথারীতি রাজ্য পুলিশের ডিজি হলেন বীরেন্দ্র। অর্থাত্, মমতা বুঝিয়ে দিলেন, তিনি কাজ করবেন নিজের ‘টিম’ নিয়েই। এছাড়াও কমিশনের নিয়োগ করা এডিজি জগমোহনকে সিভিল ডিফেন্স এবং কমিশনের নিয়োজিত ডিজিকে দমকল বিভাগের ডিজি হিসেবে বদলি করেন মমতা। অন্যদিকে ভোট ঘোষণার কয়েকদিন আগেই কলকাতার পুলিশ কমিশনার পদে অনুজ শর্মাকে সরিয়ে কলকাতার CP করা হয়েছিল সৌমেন মিত্রকে। অনুজ শর্মাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ADG পদে। সিদ্ধিনাথ গুপ্তাকে ADG পদ থেকে বদলি করে পাঠানো হয়েছিল ADG (দক্ষিণবঙ্গ) পদে। সৌমেন মিত্রের পুরনো পদ অর্থাত্ ADG (প্রশিক্ষণ)-এ স্থলাভিষিক্ত হয়েছিলেন দেবাশিস রায়। তিনি তার আগে ADG (সশস্ত্র পুলিশ) পদে বহাল ছিলেন।
শপথ নিয়েই নিজের টিমের ‘কামব্যাক’, বীরেন্দ্র-জাভেদ শামিমকে পুরনো পদে বহাল মমতার। এখন দেখার বাকি প্রশাসনিক পদ গুলিতেও বদল আনে কিনা মমতা। এদিকে এদিন প্রত্যেক পুলিশ সুপারের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সব ধরনের অশান্তির ঘটনার ক্ষেত্রে কড়া পদক্ষেপ করতে হবে প্রশাসনকে। মুখ্যমন্ত্রী আরও বলেছেন, যেখানে যেখানে বিজেপি জিতেছে সেখানে অশান্তি বেশি হচ্ছে। তার মধ্যে কিছু ভুয়ো ঘটনাও রয়েছে তা চিহ্নিত করা হচ্ছে বলেও জানান মুখ্যমন্ত্রী।









