নজরবন্দি ব্যুরোঃ ভবানীপুরের উপনির্বাচন-সহ রাজ্যের তিন কেন্দ্রের ভোটগণনা আজ। জঙ্গিপুর এবং সামসেরগঞ্জের সাধারণ নির্বাচনের দিকে নজর থাকলেও আসল ফোকাস থাকছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরেই। এদিকে তৃনমূলের চিন্তা শুধু ব্যবধানের অঙ্ক নিয়ে। তৃনমূল নেতারা ধরেই নিয়েছিলেন কমপক্ষে ৫০ হাজার ভোটে জয়ী হবেন মমতা। সেই আশায় সিলমোহর দিয়ে ৫৮ হাজার ৮৩২ ভোটে জিতলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে জয়ের হ্যাটট্রিক মমতার।
রেকর্ড গড়ে জয়ী ‘দিদি’



২০১১-র উপনির্বাচনের জয়ের ব্যবধানকেও ছাপিয়ে গেলেন মমতা। বাম সাম্রাজ্য পতনের সালে। অর্থাৎ ২০১১। এই বছর ভবানীপুর কেন্দ্রের প্রার্থী ছিলেন সুব্রত বক্সি। বিপুল ভোটে জেতেন তিনি। প্রায় ৫০ হাজার ভোটে পরাজিত করেন সিপিআইএম প্রার্থী নারায়ন প্রসাদ জৈন কে।
২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর, মমতা বন্দ্যোপাধ্যায় এই ভবানীপুর থেকে উপনির্বাচনে লড়াই করেন। এইবার সিপিআইএম প্রার্থীকে প্রায় ৫৪ হাজার ভোটের ব্যাবধানে হারিয়ে দেন মমতা। এরপর ২০১৬, বাম কংগ্রেসের জোট হয়। সিপিআইএম এই আসন ছেড়ে দেয় কংগ্রেস কে। মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী হন ঠিকই, কিন্তু মার্জিন কমে অনেকটাই। ৫ বছরের তফাতে ৫৪ হাজারের মার্জিন কমে দাঁড়ায় ২৫ হাজার ভোটে।
আর এবার তাঁর পুরোনো রেকর্ড ছাপিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জয়ী হলেন ৫৮ হাজার ৮৩২ ভোটে। ২১ রাউন্ড শেষ, ৫৮ হাজার ৮৩২ ভোটে জিতলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে জয়ের হ্যাটট্রিক মমতা বন্দ্যোপাধ্যায়ের।









