নজরবন্দি ব্যুরো: পুজো শেষ হতেই রেশন দুর্নীতি মামলায় তৎপরতা বাড়িয়েছে ইডি। বৃহস্পতিবার অর্থাৎ দ্বাদশীর দিন সকালবেলা রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দেয় ইডি। এনিয়ে আজ সাংবাদিক বৈঠকে তীব্র প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে নিজের কালীঘাটের বাড়িতে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: ইডির তল্লাশির মাঝেই বিজয়ার শুভেচ্ছা, মিষ্টি হাতে সল্টলেকে জ্যোতিপ্রিয়র বাড়িতে সব্যসাচী


সাংবাদিক বৈঠকে ইডির তল্লাশি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আমি বলতে বাধ্য হচ্ছি। এবার সীমা ছাড়িয়ে যাচ্ছে। পুজো সবে শেষ হয়েছে। জেলায় জেলায় আজ কার্নিভাল রয়েছে। সবাই বিজয়ার শুভেচ্ছা বিনিময় করছেন। তার মধ্যেই মন্ত্রীদের বাড়িতে হানা দিতে নেমে পড়েছে। একটা লোক কারও নাম বললেই, ওমনি তাঁর বাড়িতে চলে যাচ্ছে। একবারও তদন্ত করে দেখছে না, সেটা সত্যি না মিথ্যে।” একইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বালুর সুগার রয়েছে। ওঁর শরীর খুব খারাপ। ও যদি মরে যায়, বিজেপি-ইডির বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হবে।”

তৃণমূলের প্রয়াত সাংসদ সুলত্ন আহমেদের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সুলতান আহমেদের ঠিক এভাবেই মৃত্যু হয়েছিল। এজেন্সির নোটিস পাওয়ার পরই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। প্রসুন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীরও একইভাবে মৃত্যু হয়েছে। কিন্তু ওরা বাইরে এটা বলতে পারেনি।” মুখ্যমন্ত্রীর দাবি, কোনও প্রমাণ ছাড়াই তল্লাশি চালানো হচ্ছে। তাঁর কথায়, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল কোনও প্রমাণ ছাড়া তল্লাশি চালানো যাবে না। এরপরও মুখের কথায় বালুর বাড়িতে তল্লাশি চালাচ্ছে।



তৃণমূল সুপ্রিমো ইডির তল্লাশি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, “ববির বউয়ের কাছে শুনছিলাম, তেল-ঘিয়ের কৌটো উল্টে দিচ্ছে। ২৬-৩০ বছর বিয়ে হলে নানা রকম ড্রেস থাকে। ছবি তুলছে ক’টা শাড়ি আছে, ক’টা কসমেটিক্স আছে? আমার প্রশ্ন, একটাও কি বিজেপি নেতার বাড়িতে রেইড হয়েছে? একটাও বিজেপি মন্ত্রীর বাড়িতে তল্লাশি হয়েছে?”
যদি মরে যায় বিজেপি-ইডির বিরুদ্ধে FIR হবে! জ্যোতিপ্রিয়র বাড়িতে তল্লাশি নিয়ে তীব্র প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর








